Ajker Patrika

পরকীয়ায় বাধা, দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ২২: ২১
পরকীয়ায় বাধা, দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ
স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যায় রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ইসলাম মাইসা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার হাবিবুর রহমান সেজালের মেয়ে। অভিযুক্ত স্বামী সুজন মুন্সী রাজৈরের কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামের আব্দুর রব মুন্সীর ছেলে।

পুলিশ ও নিহত মাইসার পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি আরবপ্রবাসী সুজন মুন্সীর সঙ্গে পারিবারিকভাবে মাইসার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে সুজন একাধিকবার মাইসাকে মারধর করেন বলেও অভিযোগ রয়েছে।

পরিবারের অভিযোগ, আজ বিকেলে মাইসাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। পরে সুজন তাঁকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখান থেকে নিহত মাইসার পরিবারকে খবর দেন।

হাসপাতালে গিয়ে মাইসার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা। পরে তাঁরা রাজৈর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে সুজনকে আটক করে।

নিহত মাইসার পরিবার জানিয়েছে, মাইসা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহত মাইসার স্বামীকে আটক করা হয়েছে। নিহত মাইসার পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে তা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত