Ajker Patrika

পাঁচবিবি সীমান্তে পুকুরে লুকিয়ে রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
পাঁচবিবি সীমান্তে পুকুরে লুকিয়ে রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
ভারতে পাচারের উদ্দেশ্যে পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল কষ্টিপাথরের মূর্তিগুলো। ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তবর্তী পূর্ব উচনা এলাকার একটি পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মূর্তি দুটির আনুমানিক জব্দ মূল্য ৪২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আজ শুক্রবার ভোরে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধীন হাটখোলা বিওপির সদস্যরা এ অভিযান চালান। দুপুর ১২টায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮১/২৫-এস থেকে আনুমানিক ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় একটি পুকুরে কষ্টিপাথরের মূর্তি লুকিয়ে রাখার তথ্য পাওয়া যায়।

বিজিবির ভাষ্য অনুযায়ী, পাচারকারী চক্র রাতের অন্ধকারে সুযোগ বুঝে সীমান্ত দিয়ে মূর্তি দুটি পার্শ্ববর্তী দেশে পাচারের অপেক্ষায় ছিল।

তথ্যের সত্যতা যাচাইয়ের পর রাত আনুমানিক ১টা ১০ মিনিটে বিজিবির দুটি টহল দল পুকুরটিতে সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে পুকুরের পূর্ব পাড়ে, ভারতীয় সীমান্তের দিকে দুটি বাঁশের খুঁটির সঙ্গে নিমজ্জিত অবস্থায় পাশাপাশি রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানের উপস্থিতিতে মূর্তি দুটি শনাক্ত ও প্রত্যক্ষ করা হয় বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধার হওয়া বড় মূর্তিটির ওজন ২৫ কেজি এবং অপরটির ওজন ১৭ কেজি। দুটি মূর্তির মোট ওজন ৪২ কেজি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী জানান, প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমৃদ্ধ মূর্তি দুটি নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনায় থানায় মামলা করার কার্যক্রমও প্রক্রিয়াধীন।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, চোরাচালান প্রতিরোধে তাদের শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত