দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা সফল হবে না: খাদ্য প্রতিমন্ত্রী

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকার রাজনৈতিকভাবে সব বিষয় মোকাবিলা করছে। দেশে পরাজিত ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা করে সফল হবে না।’
আজ শুক্রবার দুপুরে জয়পুরহাট সদর থানা উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও একাডেমিক ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‘সকল নাগরিকের নিরাপত্তা রক্ষা করা সরকারের দায়িত্ব। বর্তমান সরকার কোনো জুলুম-নির্যাতনের সরকার নয়। ফ্যাসিস্ট শক্তি প্রমাণ করেছে যে তাদের কোনো রাজনৈতিক আদর্শ নেই; তারা সন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশকে ধ্বংস করে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়।’
খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর কর্মসূচি বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক সাড়া ও সুযোগ তৈরি হচ্ছে। উন্নত দেশগুলো বিনিয়োগে আগ্রহী হচ্ছে এবং দেশের অর্থনীতি স্থিতিশীল হচ্ছে।’
আব্দুল বারী আরও বলেন, সম্প্রতি জয়পুরহাটের জন্য কয়েক হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্প পাস হয়েছে, যার মাধ্যমে এলাকায় ব্যাপক কর্মকাণ্ড পরিচালিত হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাইমেনা শারমীন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আযিযুল হাকিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।









