
বর্ষাকালে যেখানে মাঠভরা ধান চাষ হওয়ার কথা, সেখানে জয়পুরহাটের কালাই উপজেলার বামোনগ্রামে চলছে উন্নত জাতের পিআই (PI) হাইব্রিড তরমুজ চাষের প্রস্তুতি। মাঠজুড়ে চলছে মাচা তৈরির কাজ। কৃষকেরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবারও লাভের মুখ দেখবেন তাঁরা।
বামোনগ্রাম মাঠে সরেজমিন দেখা যায়, মাটি থেকে ১৫-২০ সেন্টিমিটার উঁচু লম্বা বেড তৈরি করে মালচিং পেপার (পলিথিনের মতো) দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রতি চার হাত অন্তর বেড বসানো, চারপাশে নিখুঁত জালের বেড়া এবং ওপরে সুতা টেনে মাচা তৈরির কাজ চলছে। কৃষকেরা জানালেন, কয়েক দিনের মধ্যে গাছে জালি (মুকুল) আসবে, এরপর ধীরে ধীরে তরমুজ ধরবে।
এই এলাকায় পিআই জাতের তরমুজ চাষ করছেন আব্দুল মান্নান ( ৫০ শতক), আব্দুল হান্নান (৭ শতক), আরিফুল (৩৩ শতক), মোসলেম (৬৬ শতক), ফুলমিয়া (২০ শতক), বেনজির (১৫ শতক), আইজুল (৩৫ শতক) ও মুনছুরসহ (৪৫ শতক) অনেকে।
তরমুজচাষি আব্দুল মান্নান বলেন, ‘গত তিন বছর ধান বাদ দিয়ে আষাঢ়েই তরমুজ লাগাই। অল্প খরচে বেশি আয়—এই চাষে আমার ভাগ্য বদলেছে। ধানে যেখানে বিঘায় ১৫-২০ হাজার টাকার বেশি লাভ হয় না, সেখানে তরমুজে এক বিঘায় দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত আয় হয়।’
প্রতি শতাংশ জমিতে রোপণ করা যায় ২৩-২৬টি চারা। জমি প্রস্তুত থেকে ফল ধরার আগ পর্যন্ত এক বিঘায় খরচ হয় ৫০-৫৫ হাজার টাকা। প্রত্যাশিত ফলন বিঘাপ্রতি ১২০-১২৫ মণ। বাজার অনুযায়ী প্রতি মণের দাম ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত ওঠানামা করে। সব খরচ বাদ দিয়েও বিঘাপ্রতি আয় হতে পারে ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ টাকা।
কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুনুর রশিদ বলেন, ‘জলাবদ্ধতা হয় না—এমন উঁচু জমিতে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করলে বর্ষাতেও ভালো ফলন পাওয়া যায়। এতে অল্প সময়ে লাভবান হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে।’
তিনি আরও জানান, এটি একটি হাইব্রিড জাতের তরমুজ, যার ফলন সাধারণত ৬৫-৭৫ দিনের মধ্যে পাওয়া যায়। ফল লম্বাটে, বাইরের খোসা সবুজ ও গাঢ় ডোরা দাগযুক্ত। উজ্জ্বল লাল, মিষ্টি (Brix মাত্রা ১১-১৩), বীজ কম এবং রসাল। রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলক ভালো।

তবে অতিরিক্ত সার, সেচ বা বৃষ্টিতে ফল ফেটে যেতে পারে। তা ছাড়া হাইব্রিড জাত হওয়ায় নিজের বীজ পুনরায় ব্যবহার করা যায় না বলেও জানান তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘চলতি খরিপ-২ মৌসুমে জয়পুরহাট জেলায় ১ হাজার ৫৬০ হেক্টর জমিতে শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পিআই জাতের তরমুজ চাষের এই ইতিবাচক পরিবর্তন শুধু ব্যক্তি কৃষকের আয়ই বাড়াচ্ছে না, বরং জেলার অর্থনীতিতেও যোগ করছে নতুন মাত্রা।’

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৪ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৪ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৪ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে