
জামালপুরের ইসলামপুরে একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান স্থানীয় বিএনপির কিছু সমর্থকের হাতে মারধরের শিকার হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর হয়ে প্রচারণায় নিয়মিত থাকলেও তিনি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। এই অভিযোগে তাঁকে মারধর করা হয়। মারধরের পর ভুক্তভোগী ওই চেয়ারম্যান বলেছেন, ‘এ বিষয়ে আমার কারোর প্রতি কোনো ধরনের অভিযোগ নেই। কপালে যা লেখা ছিল, হয়তো সেটাই হয়েছে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদ ভবনে নিজ কার্যালয়ে এ হামলার শিকার হন চেয়ারম্যান আব্দুল মালেক। তিনি টানা দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আব্দুল মালেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
এদিকে তাঁকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন ইউনিয়ন পূর্ব বিএনপির সভাপতি রবিউল ইসলাম। হামলার ঘটনা ও আহতের খবর শুনে আব্দুল মালেককে হাসপাতালে দেখতে গিয়েছিলেন ওই আসনে নির্বাচিত সংসদ সদস্য বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু।
দলীয় নেতা-কর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল বেলা ১১টার দিকে ইসলামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের এমপি সুলতান মাহমুদ বাবু। যথারীতি বৈঠকে উপজেলার ইউপি চেয়ারম্যানরা উপস্থিত হন। তবে সেখানে আওয়ামী লীগের পদধারী ইউপি চেয়ারম্যানদের বিষয়ে বিএনপির কতিপয় নেতা-কর্মী বিরূপ মন্তব্য করতে থাকেন। পরে পরিস্থিতি বেগতিক দেখে আব্দুল মালেকসহ সেসব চেয়ারম্যান চলে যান।
পরে দুপুর ১২টার দিকে স্থানীয় ঘোনাপাড়া এলাকায় অবস্থিত বেলগাছা ইউপি কার্যালয়ে বসে ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক। সেখানে এসে বিএনপির একদল সমর্থক তাঁর ওপর হামলা চালান। মারধর করে পরনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে তাঁকে কার্যালয় থেকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে অটোরিকশায় তুলে পুলিশে সোপর্দের উদ্দেশ্যে ইসলামপুর থানার দিকে নিয়ে যায় হামলাকারীরা।
আরও জানা যায়, খবর পেয়ে বেলা আড়াইটার দিকে ইসলামপুর থানা-পুলিশ ইউপি কার্যালয় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বুলবুলি নামের স্থান থেকে হামলাকারীদের হাত থেকে চেয়ারম্যানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। খবর শুনে হাসপাতালে তাঁকে দেখতে যান এমপি সুলতান মাহমুদ বাবু। পরে রাত পৌনে ১০টার দিকে ইউপি চেয়ারম্যানকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

আজ শুক্রবার বেলগাছা ইউনিয়ন পূর্ব বিএনপির সভাপতি রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের অনুরোধে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ধানের শীষ প্রতীকের প্রচারণা করেছেন। বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুকে বিজয়ী করতে আমাদের হয়ে কাজ করেছেন। কিন্তু পূর্বশত্রুতার জেরে হামলা চালিয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেককে বেধড়ক মারধর করেছে বেলগাছা ইউনিয়নের মুন্নিয়া গ্রামের বাসিন্দা বিএনপির সমর্থক আফছার আলী আকন্দ ও তার লোকজন। এ সময় প্রতিবাদ করায় তারা আমাকেও মারধর করেছে। হামলাকারীরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।’
ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ‘আমি নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করে আসছি। এলাকার উন্নয়নের স্বার্থে এবার জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করেছি। নিজ কার্যালয়ে আমি মারধরের শিকার হয়েছি। সময়মতো পুলিশ উদ্ধার না করলে হামলাকারীরা আমাকে মেরে লাশ গুম করত। খবর পেয়ে এমপি সুলতান মাহমুদ বাবু হাসপাতালে আমাকে দেখতে গিয়েছিলেন। চিকিৎসারও খোঁজখবর নিয়েছেন। এমপি সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ। এ বিষয়ে আমার কারোর প্রতি কোনো ধরনের অভিযোগ নেই। কপালে যা লেখা ছিল, হয়তো সেটাই হয়েছে।’
তবে অভিযুক্ত বিএনপি সমর্থক আফছার আলী আকন্দের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে রাত পৌনে ১০টার দিকে পরিবারের লোকজনের কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের পক্ষে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর নানা অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যান পদ থেকে আব্দুল মালেককে অপসারণের দাবিতে কয়েক দফা মানববন্ধনসহ বিক্ষোভ-মিছিল করেছেন অভিযুক্ত আফছার আলী আকন্দের সমর্থকেরা। আফছার আলী আকন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ছিলেন।

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলায় আসামি সিয়াম হোসেন ইমন (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাঁর জবানবন্দি রেকর্ড করেন।
৭ মিনিট আগে
অনেকে চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়। আবার অনেকে মাদক কারবার করছে, তারা বিএনপির না। অপরাধ যে করবে, চাঁদাবাজি যে করবে—সে যে দলেরই হোক, সরকারি কর্মচারী হোক বা অন্য কেউ, অপরাধের বিচার হবে।
২৮ মিনিট আগে
রাউজানের অলিমিয়াহাট এলাকায় যুবদল কর্মী মুজিবুর রহমান হত্যা মামলার প্রধান আসামি মো. নাঈমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বায়েজিদ মাজার গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪০ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর কাছ থেকে তাঁর ২৭ দিন বয়সী শিশুকে অপহরণ করে নিয়ে গেছে প্রতারক চক্র। গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর অনুমান ১২টার সময় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে