Ajker Patrika

গাইবান্ধায় কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা: ঢাকায় গ্রেপ্তার দুই বন্ধু

গাইবান্ধা, প্রতিনিধি
গাইবান্ধায় কিশোরকে পানিতে চুবিয়ে হত্যা: ঢাকায় গ্রেপ্তার দুই বন্ধু
গ্রেপ্তার সাকিব মিয়া ও রিফাদ মিয়া। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধা সদর উপজেলায় রায়হান প্রধান (১৬) নামে এক কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার রাতে ঢাকায় পৃথক অভিযানে সাকিব মিয়া (১৮) ও রিফাদ মিয়া (১৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার বিকেলে র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত ১৬ জুন বিকেলে সাকিব ও রিফাদ মিলে রায়হানকে বাড়ি থেকে ডেকে নিয়ে স্থানীয় হরিণসিংহা দিঘিতে গোসল করতে যান। গোসলের সময় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে সাকিব ও রিফাদ রায়হানকে মারধর করে পানিতে চুবিয়ে রাখেন। পরে অচেতন অবস্থায় তাকে দিঘির পাড়ে ফেলে চলে যান।

পরে স্থানীয় লোকজন রায়হানকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মকবুল হোসেন গত ১৯ জুন গাইবান্ধা সদর থানায় সাকিব ও রিফাদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর থেকে দুজনই আত্মগোপনে ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মামলার তদন্তের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতে ঢাকায় পৃথক অভিযানে সাকিবকে নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে এবং রিফাদকে বিমানবন্দর থানার সেন্টার পয়েন্ট শপিং মলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত