
হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র ও পাড়া-প্রতিবেশীর বাড়িতে ঠাঁই নেওয়া মানুষ নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছেন। তবে ঘরে ফিরলেও এখনো ঘরহারা তারা। অনেকের ঘর ভেঙে পড়েছে, অনেকের ঘরে এখনো পানি, কাদা জমে থাকায় তা বাসোপযোগী করতে বেশ কয়েকদিন লেগে যাবে। ফলে বানভাসি মানুষের দুর্ভোগ এখনো কাটেনি।
টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে যায়। ফলে লস্করপুর, লামাতাসি ও পইল ইউনিয়নের অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়। এতে অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন।
বন্যার পানি কমতে শুরু করায় রাস্তা-ঘাট, ফসলি জমি ও মাছের ঘের থেকে পানি সরে যাচ্ছে। এর সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। অনেক এলাকায় ভাঙাচোরা ঘরবাড়ি ও কাদামাটির কারণে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে পড়েছে।
বন্যার পানিতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন হবিগঞ্জ সদর উপজেলার হাতিরথান গ্রামের বাসিন্দা রানু বেগম। গত শুক্রবার রাতে বন্যার পানির তীব্র স্রোতে মুহূর্তেই ধসে পড়ে তার মাথাগোঁজার একমাত্র ছোট্ট কুঁড়েঘর। বর্তমানে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন।
চার সদস্যের রানু বেগমের পরিবারে অসুস্থ বৃদ্ধ মা ও অসুস্থ ছেলে রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য তার কিশোরী মেয়ে, যিনি একটি কোম্পানিতে কাজ করেন। সেই সামান্য আয়েই ওষুধসহ সংসারের খরচ চলে। রানু বেগমও মানুষের বাড়িতে কাজ করেন।
রানু বেগম বলেন, `আমার ছেলেটা তিন বছর যাবত অসুস্থ। সে বিছানায় পড়ে আছে। আমার মা ও বৃদ্ধ। মেয়েটা স্কুল ছেড়ে কোম্পানিতে যে সামান্য রোজগার করে তাই দিয়ে সংসার চলে। এই ঘরটাই ছিল আমার শেষ সম্বল। বন্যার পানিতে সম্পূর্ণ ঘর ধসে পড়েছে। সরকার যদি আমাকে সহযোগিতা করত তা হলে কোন রকম চলতে পারতাম।'
একই এলাকার সেলিনা বেগমের অবস্থাও একই। বন্যার পানিতে ধসে পড়েছে তার শেষ আশ্রয়স্থল। স্বামীহারা এই নারী চার কন্যাসন্তান নিয়ে কোথায় থাকবেন এবং কীভাবে নতুন করে জীবন শুরু করবেন, সেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, `বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির নিরুপণ এখনও শুরু হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।'

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে