
বিশ্বকাপে দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন বুকভরা শোক নিয়ে। প্রিয় দাদির মৃত্যুর মাত্র এক দিন পরও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন জেইডেন অ্যাডামস। সেই হৃদয়ছোঁয়া গল্পের এক মাসও পেরোয়নি, এবার নিজেই চলে গেলেন না ফেরার দেশে। মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ খেলা এই মিডফিল্ডার।
এক বিবৃতিতে আজ অ্যাডামসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি। মৃত্যুর কারণ জানানো হয়নি। কেপটাউনের স্কটশেকলুফ এলাকার একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর পুলিশ তদন্ত শুরু করেছে। পরে সেটি অ্যাডামসের মরদেহ বলে নিশ্চিত হওয়া যায়।
ক্রীড়ামন্ত্রী ম্যাকেঞ্জি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ফুটবল তার সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিভাদের একজনকে হারাল।’ আফ্রিকান ফুটবল কনফেডারেশনও শোক প্রকাশ করে জানিয়েছে, ‘ফুটবল তার আপনজনদের একজনকে হারিয়েছে।’
চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গ্রুপপর্বের তিনটি ম্যাচেই খেলেছিলেন অ্যাডামস। তাঁর পারফরম্যান্সে ভর করেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠে ‘বাফানা বাফানা’। যদিও কানাডার বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে মাঠে নামা হয়নি তাঁর।
বিশ্বকাপের আগে ব্যক্তিগত জীবনে বড় ধাক্কাও সামলাতে হয়েছিল তাঁকে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচের আগের দিন মারা যান তাঁর দাদি। সেই শোক নিয়েই পরদিন মাঠে নেমে পুরোটা উজাড় করে খেলেছিলেন অ্যাডামস। তখন দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, ব্যক্তিগত বেদনা বুকে নিয়েও তিনি দেশের জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছেন।
কেপটাউনে জন্ম নেওয়া অ্যাডামস স্টেলেনবস এফসির একাডেমি থেকে উঠে এসেছিলেন। ২০২০ সালে ক্লাবটির ইতিহাসে প্রথম একাডেমি গ্র্যাজুয়েট হিসেবে পেশাদার চুক্তি করেন। পরে ১৩৯ ম্যাচ খেলে ২০২৩ সালে দলকে কার্লিং নকআউট শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২৫ সালে যোগ দেন মামেলোদি সানডাউন্সে, যেখানে প্রিমিয়ারশিপ ও কাফ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদও পান।
ব্যক্তিগত শোককে পাশে সরিয়ে যিনি দেশের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন, তাঁর আকস্মিক বিদায়ে শোকে স্তব্ধ দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গন।

নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত নিয়েছেন রাফিনিয়া। চুক্তির মেয়াদ বাড়িয়ে বার্সেলোনাতেই খেলোয়াড়ি জীবনের ইতি টানতে চান ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা এই ফরোয়ার্ড জানিয়েছেন, আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে খেলার সামর্থ্য রয়েছে তাঁর।
৭ ঘণ্টা আগে
হেডের সেঞ্চুরিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৫৬ রান তোলে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়ায় এসে জিম্বাবুয়ে ৪৮.৩ ওভারে অলআউট হয়েছে ২৭২ রানে।
৮ ঘণ্টা আগে
নাইকির সঙ্গে সম্পর্ক শেষ করে নতুন পথচলা শুরু করলেন কিলিয়ান এমবাপ্পে। সুইজারল্যান্ডের ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড। নতুন প্রতিষ্ঠানের বৈশ্বিক দূত হওয়ার পাশাপাশি ফুটবলের জন্য পণ্য উন্নয়নেও সরাসরি কাজ করবেন তিনি।
৮ ঘণ্টা আগে
লামিনে ইয়ামালের কাছে বর্ণবাদ নতুন কোনো অভিজ্ঞতা নয়। ফুটবলে দ্রুতই তারকাখ্যাতি পাওয়া এই স্প্যানিশ ফুটবলার জানিয়েছেন, জীবনে হাজারবার বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। তাঁর মতে, অনেকেই নিজেদের মন্তব্য কিংবা আচরণ যে বর্ণবাদী, তা বুঝতেই পারেন না।
৯ ঘণ্টা আগে