
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর উপস্থিতিতে আয়োজিত এক সভায় দর্শকদের একটি অংশ দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শুক্রবার দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের ভিডিওটি আজকের পত্রিকার প্রতিবেদকের নজরে আসে।
ভিডিওতে দেখা যায়, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাপা মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী মঞ্চে দাঁড়িয়ে আছেন। মঞ্চে জাতীয় পার্টির আরও কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মঞ্চের সামনে পাঁচ শতাধিক দর্শক দাঁড়িয়ে ছিলেন। তিনি বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনের সামনে যাওয়ার সময় দর্শকদের একটি অংশ ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’ স্লোগান দিতে থাকেন। এ সময় অনেকে হাত উঁচিয়ে নাচানাচি করেন, কেউ কেউ শিশুকে কাঁধে তুলে নেন।
ভিডিওতে দেখা যায়, শামীম হায়দার পাটোয়ারী এদিক-ওদিক তাকাচ্ছিলেন। এ সময় মঞ্চ থেকে বারবার মাইকে দর্শকদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করা হলেও স্লোগান চলতে থাকে। দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে কিছু সময়ের জন্য সভাস্থল মুখর হয়ে ওঠে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন এলাকার। সম্প্রতি রামজীবন ইউনিয়নে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ওই অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে।
জাতীয় পার্টির প্রার্থীর উপস্থিতিতে অন্য প্রতীকের স্লোগান স্থানীয় রাজনীতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন স্থানীয় কয়েকজন।
নাম প্রকাশ না করার শর্তে আয়োজক কমিটির একজন বলেন, সেদিন ফুটবল ফাইনাল খেলা উপলক্ষে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শামীম হায়দার পাটোয়ারীকে প্রধান অতিথি করা হয়েছিল। অনুষ্ঠানের মধ্যেই হঠাৎ কয়েকজন দর্শক দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান দিতে শুরু করেন। এতে সাময়িকভাবে অনুষ্ঠান ব্যাহত হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এনামুল হক মন্টু বলেন, গত বুধবার বিকেলে ফুটবল ফাইনালে জাতীয় পার্টির মহাসচিব মঞ্চে থাকা অবস্থায় পরিকল্পিতভাবে দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি একটি পক্ষের সুপরিকল্পিত অপচেষ্টা। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি মনে করেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেটসংলগ্ন চারটি রেস্তোরাঁয় আজ সোমবার বিকেলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এ অভিযান চালান।
৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর মীম (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে পুকুরের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় নূরানি মাদ্রাসার ছাত্রী।
৮ মিনিট আগে
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাঁওড়ের মাছ বিক্রির সরকারি অর্থ আত্মসাতের মামলায় সাবেক বাঁওড় ব্যবস্থাপক মোল্যা নুরুল আবছারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা ১৯ লাখ ৮৭ হাজার ৬৬৩ টাকা জরিমানা করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
সাত মাসের মধ্যে জ্বালানি তেলের দাম তিন দফা বাড়িয়ে সরকার ‘হ্যাটট্রিক’ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, ‘সংসদ অধিবেশন শেষ হওয়ার পরই সরকার দাম বাড়িয়েছে, যাতে বিরোধী দলের জবাবদিহির মুখে পড়তে না হয়।’
২২ মিনিট আগে