
ফেনীতে পেট্রলপাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে সংঘর্ষে মো. ফাহিম (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সাঈদুল ইসলাম (২৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। একই এলাকার আবদুল খালেক অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়।
আহত ফাহিম দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সম্প্রতি ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে ফাহিম এক সহপাঠীকে নিয়ে মোটরসাইকেলে করে পেট্রলপাম্পে তেল নিতে যান। লাইনে দাঁড়ানোর সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর প্রায় ১০-১৫ মিনিট পর হাসপাতাল মোড়ের একটি মিষ্টির দোকানের সামনে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ফাহিমের মাথায় হেলমেট দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী বলেন, মাথায় আঘাতের কারণে ফাহিম অচেতন ছিলেন এবং কয়েকবার বমি করেছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় বা চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। আহতের পরিবার থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রনির সহকর্মী আবদুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে রনির গ্রামের বাড়ি। তাঁর বাবার নাম সাহেব আলী। ঢাকায় মোহাম্মদপুরের আরশিনগরে নির্মাণাধীন ভবনটিতে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং সেখানেই থাকতেন তিনি।
২৫ মিনিট আগে
ফসলি জমির মাটি কাটায় প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এখন রাতের আঁধারে মাটি কাটা চলছে। ভেকু (খননযন্ত্র) দিয়ে গর্ত করে মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। গতকাল বৃহস্পতিবার ভোরে সরেজমিন কৃষিজমি থেকে মাটি কাটার এমন চিত্র দেখা গেছে।
৪১ মিনিট আগে
কিষানি রেহেনা বেগম ৬৬ শতক জমিতে ব্রি ধান-১০৪ আবাদ করেছেন। শুরুতে শঙ্কা থাকলেও এখন ফলন দেখে তিনি আশাবাদী। তাঁর ভাষায়, ফলন দেখে সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। অন্যান্য ধানের তুলনায় বেশি উৎপাদন হবে বলে মনে করছেন তিনি।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীর রেবেকা খাতুন। একসময় গার্মেন্টসে কাজ করা রেবেকা আজ পঙ্গু হয়ে ঘরে পড়ে আছেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজার ধসের ধ্বংসস্তূপে চাপা পড়েছিলেন তিনি। সেদিনের ভয়াবহ ধসের ঘটনায় প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন তাঁর দুই পা।
১ ঘণ্টা আগে