রাজধানীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার ১১ দিনেও অধরা সাবেক ছাত্রদল নেতা

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় ১২ বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার ১১ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত মো. ইমামুল হোসেন বাপ্পী (৩১) খিলক্ষেত থানা ছাত্রদলের সাবেক সহসভাপতি। ঘটনার পর তাঁকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলেও এখনো গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার।
পুলিশ বলছে, শিগগির আসামি গ্রেপ্তার হবেন বলে আশাবাদী তারা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির সৎবাবা মো. ওয়াদুদ মিয়া ওরফে সাগর মিয়া পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। তাঁর স্ত্রী নিকুঞ্জ-২ এলাকার ১ নম্বর সড়কে চা বিক্রি করেন। তাঁরা নিকুঞ্জের টানপাড়া জামতলার খ/১২৪ নম্বর টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।
এজাহারে বলা হয়, ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা-বাবা কাজের প্রয়োজনে বাসার বাইরে ছিলেন। এ সময় চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত বাপ্পী। রাতে বাসায় ফিরে মেয়েকে অসুস্থ ও বিপর্যস্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে শিশুটির কাছে জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে নির্যাতনের ঘটনা জানায় সে।
শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২০ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটির বাবা খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন।
মামলার ১১ দিন পার হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন বাদী মো. ওয়াদুদ মিয়া। তিনি বলেন, ‘আমার মেয়েটি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। সে নিজের কষ্টটুকুও ঠিকমতো প্রকাশ করতে পারে না। তার সঙ্গে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। মামলা করার ১১ দিন পার হয়ে গেলেও পুলিশ এখনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। এখন সংশয় হচ্ছে, পুলিশ আদৌ আসামিকে গ্রেপ্তার করবে কি না। আমরা চাই, পুলিশ অতি দ্রুত তাঁকে গ্রেপ্তার করুক। আমরা আমাদের মেয়ের জন্য ন্যায়বিচার চাই।’
এদিকে ধর্ষণের অভিযোগ ওঠার ২৪ ঘণ্টার মধ্যে বাপ্পীকে খিলক্ষেত থানা ছাত্রদলের সহসভাপতির পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। তবে মামলায় এখনো গ্রেপ্তার হননি অভিযুক্ত। দলীয় পরিচয় ও প্রভাব খাঁটিয়ে বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে দোকান বসানো এবং সেখান থেকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া রাতে মদ্যপ অবস্থায় নিকুঞ্জের বিভিন্ন সড়কে বেপরোয়া আচরণের অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা খিলক্ষেত থানার বিএনপির শীর্ষ নেতাদের কাছে অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার পাননি তাঁরা।
এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, ‘অভিযুক্ত বাপ্পীকে ধরতে আমাদের আন্তরিকতার বিন্দুমাত্র কমতি নেই। নানা ধরনের আইনি উদ্যোগ আমাদের চলমান আছে।’ শিগগির তাঁকে গ্রেপ্তার করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
পুলিশের এমন আশ্বাসের পরও ১১ দিনেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত আসামিকে গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুটির চিকিৎসা, মানসিক পুনর্বাসন ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।









