Ajker Patrika

শেখ হাসিনার কারণে আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ হাসিনার কারণে আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু
শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: ফেসবুক থেকে

শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণার কারণে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ঘরছাড়া হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, যারা ভালো রাজনীতি করেন এবং অন্যায়-অবিচারের সঙ্গে জড়িত নন, সেই নিরীহ আওয়ামী লীগ সমর্থকেরাও শেখ হাসিনার কারণে কষ্ট পাচ্ছেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী।

দুলু বলেন, শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ওই ঘোষণার কারণে অনেক নেতা-কর্মী ঘরছাড়া হয়েছেন। এমনকি নিরীহ সমর্থকেরাও এর ভোগান্তিতে পড়ছেন।

আগামী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনা এ নিয়ে আতঙ্ক ও উত্তেজনা তৈরির চেষ্টা করছেন। প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ এলাকায় পাহারা দেওয়া। সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে।

শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তিনি যত দিন বেঁচে থাকবেন, তত দিন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই শেখ হাসিনা বলেছিলেন, ‘একদিনের জন্য খালেদা জিয়াকে আমি শান্তিতে থাকতে দেব না।’ এরপর তিনি ১৭২ দিন হরতাল করেছিলেন।

দুলু আরও বলেন, ‘যত দিন পর্যন্ত হাসিনা বেঁচে থাকবেন, তত দিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। উনি যত দিন বেঁচে থাকবেন, মাঝে মাঝে আগুন দেবেন এবং বিভিন্ন সরকারি স্থাপনায় ককটেল হামলা করবেন।’

সমাবেশে তিনি বলেন, সাতক্ষীরায় আওয়ামী লীগ জামায়াতের নেতা-কর্মীদের গুলি করে হত্যা করে এলাকাটি ছারখার করেছিল। বিএনপি চাইলে গোপালগঞ্জও ছারখার করে দিতে পারত। কিন্তু বিএনপি কখনো খুনের রাজনীতি, হত্যার রাজনীতি কিংবা গণতন্ত্রকে বিপন্ন করার রাজনীতিতে বিশ্বাস করে না।

গোপালগঞ্জ ও মাদারীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে দুলু বলেন, সেখানে থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, পরিষদ উড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রশাসনের সরকারি প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরপরও রাষ্ট্র ধৈর্যের পরিচয় দিচ্ছে।

তিনি আরও বলেন, সংসদের মাধ্যমে দলের নেতা দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে যেসব এলাকায় বিএনপির সংসদ সদস্য রয়েছেন, তারা ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় পাহারার ব্যবস্থা করেছেন।

দুলু বলেন, ‘আমরা বাংলাদেশের মাটি থেকে নৈরাজ্য, অগ্নিকাণ্ড, অগ্নি সন্ত্রাস, মানুষের বাড়িতে আগুন—এসব চিরস্থায়ীভাবে উৎখাত করতে চাই। আগামী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে তারা যে টেনশন সৃষ্টি করেছে, আমাদের প্রত্যেক নাগরিকের উচিত এলাকা এলাকা পাহারা দিয়ে এই সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে সোপর্দ করা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত