
গান, কবিতা ও আলোচনায় স্মরণ করা হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি, গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক, সাহিত্যিক অধ্যাপক বদিউর রহমানকে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে উদীচী কেন্দ্রীয় সংসদ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্মরণানুষ্ঠান ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন’ আয়োজন করে।
বদিউর রহমানের স্মরণে তাঁর কর্ম নিয়ে আলোচনা করেন তার সমসাময়িক সহযোদ্ধারা। উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম বলেন, ‘মৃত্যুর আগের দিন পর্যন্ত সংগঠনের কাজে সার্বক্ষণিক সক্রিয় ছিলেন অধ্যাপক বদিউর রহমান। ভালো-মন্দ, সংগঠনের অভ্যন্তরীণ বা বাহ্যিক সংকটসহ যেকোনো বিষয়ে সব সময়ই বলিষ্ঠভাবে প্রকৃত অভিভাবকের ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ কোনো শারীরিক জটিলতা না থাকলেও তাঁর এই হঠাৎ প্রয়াণে উদীচীর শিল্পী-কর্মী সহযোদ্ধারা হতবিহ্বল হয়ে পড়েছেন।’
সেলিম আরও বলেন, ‘তবে শারীরিকভাবে বিদায় নিলেও যে আদর্শের বীজ অধ্যাপক বদিউর রহমান বপন করে গেছেন সেটিকে ধারণ করেই মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠায় উদীচী আজীবন কাজ করবে।’
আলোচনা করেন রামেন্দু মজুমদার, নূর মোহাম্মদ তালুকদার, ডা. আবু সাঈদ, এম এ আজিজ মিয়া, অধ্যাপক এম এম আকাশ, বদিউর রহমানের বোন ড. ফেরদৌসী বেগম, অধ্যাপক সৈয়দ আজিজুল হক মাসুম, অধ্যাপক কাবেরী গায়েন, নাট্যজন অনন্ত হীরা, উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য শংকর সাওজাল, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সাইফুর রহমান মিরণ, উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য সুখেন রায়, কথাসাহিত্যিক ও প্রকাশনা সংস্থা ঐতিহ্য-এর চিফ কো-অর্ডিনেটর অস্ট্রিক আর্যু এবং অধ্যাপক বদিউর রহমান-এর বড় সন্তান সুপা সাদিয়া। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
আলোচনা পর্বে বক্তাদের কথায় উঠে আসে, বদিউর রহমান ছিলেন নিভৃতচারী একজন মানুষ। কাজের মানুষ ছিলেন। নানা ধরনের কাজের মধ্যে নিজেকে ব্যাপৃত রেখেছেন কিন্তু নিজেকে জাহির করেননি কখনোই। তার কাছে কাজই ছিল সব, কাজের অভ্যন্তরেই থাকতে ভালোবাসতেন। বদিউর রহমান ছিলেন সমাজ-পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। সমাজের সঙ্গে তাঁর সম্পর্কটা সেবকের ছিল না, ছিল না সংস্কারকেরও, সেটি ছিল বিদ্যমান সমাজে বৈপ্লবিক পরিবর্তন ঘটানোর; পরিষ্কার অর্থে সামাজিক বিপ্লবের।
বক্তারা আরও বলেন, অধ্যাপনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে অধ্যাপক বদিউর রহমান নিজের কার্যপরিধিকে সাংস্কৃতিক অঙ্গনে সীমাবদ্ধ রেখেছিলেন। এই বৃহৎ কর্মযজ্ঞের ক্ষেত্র বিস্তৃত। মানবমনের রূপান্তর সাধনে এর প্রভাবও সীমাহীন। একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক দায়িত্বই আমৃত্যু পালন করে গেছেন তিনি।
অনুষ্ঠানে অধ্যাপক বদিউর রহমানকে নিয়ে স্মারকগ্রন্থ ‘বদিউর রহমান: লক্ষ্যে অবিচল এক জীবন সংগ্রামী’–এর মোড়ক উন্মোচন করেন তার জীবনসঙ্গী তাহমিনা রহমান। আয়োজনের শুরুতে বদিউর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় উদীচী কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ খেতমজুর সমিতি, কেন্দ্রীয় খেলাঘর আসর এবং বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাকবিশিস।
এরপর তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। সম্মিলিত পরিবেশনা উপস্থাপন করে উদীচী কেন্দ্রীয় সংগীত ও আবৃত্তি বিভাগের শিল্পীরা। তারা পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তুমি কি কেবলই ছবি’ গানের সঙ্গে কথন। এরপর দুটি বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা। এ ছাড়া ‘দুঃখের তিমিরে যদি জ্বলে’ এবং ‘ভোরের আকাশ আশা নিয়ে থাকে সূর্য উঠবে বলে’ গান দুটি সমবেতভাবে পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের শিল্পীরা।
অধ্যাপক বদিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ভোরের আকাশ আশা নিয়ে থাকে সূর্য উঠবে বলে’ গানটি রচনা করেছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার আর সুর করেছেন উদীচীর শিল্পী অনুপম হালদার। এরপর প্রদর্শিত হয় উদীচী কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগ প্রযোজিত এবং কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য তুষার চন্দন পরিচালিত তথ্যচিত্র ‘মানুষ গড়ার কারিগর অধ্যাপক বদিউর রহমান’।
২০২৫ সালের ১৬ জুলাই গভীর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান।

গ্যাস সংকটে ময়মনসিংহের শম্ভুগঞ্জে আরপিসিএলের ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ রয়েছে। এতে বিভাগজুড়ে দৈনিক ৮ থেকে ১০ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। আরপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম রাশেদ এ পরিস্থিতির জন্য ড. মুহাম্মদ ইউনূসকে দায়ী করে মন্তব্য করেছেন।
২৯ মিনিট আগে
যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে থাপ্পড় মারার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি এম এম কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি বের হয়...
৩৫ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ তিন মাস ধরে বুকসমান কাদায় অভুক্ত ও শিকলবন্দী অবস্থায় আটকে থাকা চারটি মহিষকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর রোববার সন্ধ্যায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে প্রাণীগুলোকে মুক্ত করেন...
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা পৌরসভার ময়লার ট্রাকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহতদের কিশোরগঞ্জে রেফার করা হয়েছে।
১ ঘণ্টা আগে