
সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভের সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে কাউসার হোসেন খান (২৭) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন রাসেল ও নয়ন নামের দুই শ্রমিক।
আজ সোমবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
কাউসার হোসেন খান ম্যাংগো টেক্সট লিমিটেড পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তিনি সেখানকার সেলাই মেশিন অপারেটর ছিলেন। কাউসার আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় থাকতেন। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের মো. নেছার উদ্দিনের ছেলে।
জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে মণ্ডল গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছিলেন। এ নিয়ে পুলিশ, মালিকপক্ষ ও শ্রমিকেরা সমাধানে বসেন। এ সময় কারখানার বাইরে কিছু শ্রমিক অবস্থান করছিলেন। একপর্যায়ে বাইরে থাকা শ্রমিকেরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পাশের ন্যাচারাল ও ম্যাংগো কারখানা শ্রমিকেরাও রাস্তায় নেমে আসেন। তাঁরা কারখানাগুলোতে ভাঙচুর চালিয়ে সড়কে অবস্থান নেন।
পরিস্থিতি সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কে অবস্থান নেয়। শ্রমিকেরা তাদের দিকেও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। বেশ কয়েকজন শ্রমিক আহত হন। এর মধ্যে গুরুতর আহত হন কাউসার, ন্যাচারাল কারখানার শ্রমিক নয়ন ও রাসেল। তাঁদের মধ্যে কাউসারকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নয়ন ও রাসেল সেখানে চিকিৎসাধীন। তাঁরা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক মিয়া বলেন, হাসপাতালে আনার আগেই কাউসারের মৃত্যু হয়েছে। তাঁর তলপেটের বাঁ–পাশে ক্ষত আছে। সম্ভবত এটা গুলি।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া সংঘর্ষে শ্রমিক মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। ওসি বলেন, সংঘর্ষ চলাকালে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা আমরা নিশ্চিত না।

টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বলিপাড়া ইউনিয়নের বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ কয়েকটি এলাকায় অর্ধশতাধিক পরিবারের ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটে পড়েছেন।
১ ঘণ্টা আগে
খুলনার শহরতলির প্রান্তিকা আবাসিক এলাকায় প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দলকে তলব করা হয়েছে।
১ ঘণ্টা আগে
আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার (৮ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।
১ ঘণ্টা আগে