ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণ কাজের জন্য ঢাকার ধামরাই এবং মানিকগঞ্জের বিস্তীর্ণ এলাকায় আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ রোববার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না
তিতাস গ্যাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ধামরাই ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন)-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণের কাজের জন্য এই সাময়িক বিরতি দেওয়া হচ্ছে।
নির্ধারিত ২৪ ঘণ্টা সময়ে ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর, শিবালয় এবং মানিকগঞ্জের ইসলামপুর এলাকায় বিদ্যমান সব শ্রেণির (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
এ ছাড়া ওই এলাকাগুলোর আশপাশের অঞ্চলগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।









