Ajker Patrika

বৈশাখী টিভিতে হট্টগোল, পুলিশ হেফাজতে ডিএমডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈশাখী টিভিতে হট্টগোল, পুলিশ হেফাজতে ডিএমডি

বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের এক সাংবাদিককে চাকরি ছাড়ার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কার্যালয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। এর জেরে কিছু বহিরাগত ব্যক্তি কার্যালয়ে ঢুকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে তুলে নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। এ ঘটনায় টেলিভিশনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার স্বার্থে ডিএমডিকে হেফাজতে নেয়।

আজ শনিবার বেলা ৩ টার দিকে রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির একাধিক কর্মী জানায়, অভ্যন্তরীণ বিরোধের জেরে একদল বহিরাগত কার্যালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় ডিএমডি টিপু আলম মিলনকে তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, বৈশাখী টেলিভিশন কার্যালয়ে অজ্ঞাতপরিচয় বহিরাগত ব্যক্তিরা বিশৃঙ্খলা করছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিরাপত্তার স্বার্থে ডিএমডিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ওসি আরও জানান, টিপু আলম মিলনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলা রয়েছে। কোতোয়ালি থানার ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে কোতোয়ালি থানার কর্মকর্তারাও ঘটনাস্থলে এসেছেন।

প্রতিষ্ঠানটির এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, বৈশাখী টেলিভিশনের অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ানকে বেলা দুইটার দিকে চাকরি ছেড়ে দিতে বলেন ডিএমডি টিপু আলম। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে নাহিয়ান ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের ডেকে আনেন বলে অভিযোগ করেন ওই কর্মী। এরপর তাঁরা কার্যালয়ে ঢুকে ডিএমডিকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে তাঁদের হট্টগোল ও বিশৃঙ্খলা হয়। প্রধান ফটকের বাইরেও লোকজন জড়ো হওয়ায় টেলিভিশনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

তবে চাকরি ছাড়ার নির্দেশনা নিয়ে বিরোধের বিষয়টি অস্বীকার করেছেন অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ান। তিনি জানান, চাকরি ছাড়ার জন্য যখন মানবসম্পদ বিভাগে (এইচআর) যান, তার পাঁচ মিনিটের মধ্যে হামলা হয়। তিনি হামলার বিষয়ে কিছু জানেন না। তাঁর সঙ্গে কোনো রাজনৈতিক দলের নেতা–কর্মীর যোগাযোগ নেই।

এ বিষয়ে বৈশাখী মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নাহিয়ান আমার সামনেই বসা ছিল। আমরা কথা বলছিলাম, এ সময় কিছু লোক অফিসে ঢুকে হট্টগোল ও স্লোগান দিতে থাকে। এর মধ্যে পুলিশ কল করা হয়, পরে পুলিশ এসে সব পক্ষের সঙ্গে বৈঠক করেন। এরপর ডিএমডিকে নিয়ে চলে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত