Ajker Patrika

হত্যা মামলার আসামির হুমকিতে হার্ট অ্যাটাকে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৮
হত্যা মামলার আসামির হুমকিতে হার্ট অ্যাটাকে বিএনপি নেতার মৃত্যু
প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে আসামিদের হুমকির মুখে আবুল হোসেন মোল্লা (৭২) নামের এক বৃদ্ধ হার্ট অ্যাটাক করে মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে স্থানীয় বাড্ডা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

নিহত সাভার পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। ওই জমি নিয়ে বিরোধে দুই মাস আগে ছুরিকাঘাতে তাঁর ভাতিজা নিহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দিয়ে আসামিদের একজনের প্রচার করা ভিডিও দেখার পর আবুল হোসেন মোল্লা অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকেরা জানান। আজ ভোরে তিনি মারা যান।

এর আগে গত ২৬ জুন ধামরাইয়ের রূপনগর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আবুল হোসেন মোল্লার ভাতিজা আনোয়ার হোসেন মোল্লা (৫৫) ও মনির হোসেন মোল্লা (৫০) উপর্যুপরি ছুরিকাঘাতের শিকার হন। ছুরিকাঘাত করেন তাঁর অপর ভাতিজা খোকন মোল্লা এবং খোকনের দুই ছেলে আব্দুল আল ফাহাদ মোল্লা ও খালেদ মাহমুদ ইফাদ মোল্লা। ঘটনার ৯ দিন পর ১০ জুলাই ঢাকার হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন মোল্লা মারা যান।

পুলিশ জানায়, হামলার ঘটনায় মনির হোসেন মোল্লার স্ত্রী রেহানা বেগম বাদী হয়ে ২৭ জুন ধামরাই থানায় মামলা করেন। পরে তা হত্যা মামলা হিসেবে রেকর্ড হয়। মামলায় খোকন মোল্লা, তাঁর দুই ছেলে আব্দুল আল ফাহাদ মোল্লা ও খালেদ মাহমুদ ইফাদ মোল্লাকে আসামি করা হয়। তবে ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও তাঁদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

রেহানা বেগম অভিযোগ করে বলেন, ‘আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে, তাঁর চাচাশ্বশুর আবুল হোসেন মোল্লাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছিলেন। গত বুধবার আসামি খোকন মোল্লা সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দিয়ে একটি ভিডিও প্রচার করেন। ভিডিওটি দেখার পরই আমার চাচাশ্বশুর (আবুল হোসেন) অসুস্থ হয়ে পড়েন। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শওকত আলী বলেন, ‘আসামিদের হুমকির কারণে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আবুল হোসেন মোল্লা মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। এ ক্ষেত্রে আমার পক্ষে আইনগত সহায়তা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য আমার চেষ্টা অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত