Ajker Patrika

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পাওয়া লাশের পরিচয় মিলেছে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২০
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পাওয়া লাশের পরিচয় মিলেছে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ বাঁধা অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। আঙুলের ছাপের মাধ্যমে তাঁর নাম ইসমাইল হোসেন বলে জানা গেছে। তাঁর বাড়ি জামালপুর সদরে এবং তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

তবে আঙুলের ছাপের মাধ্যমে নাম-পরিচয়সংক্রান্ত প্রাথমিক তথ্য পাওয়া গেলেও পরিবারের সদস্যদের মাধ্যমে পরিচয় এখনো চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার সকালে বনানী থানা-পুলিশ এক্সপ্রেসওয়ের ওপর থেকে ইসমাইলের মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সময় তাঁর পরনে সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। মুখ সাদা রঙের স্কচটেপ দিয়ে বাঁধা ছিল।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সকাল পৌনে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ওপর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ইসমাইলকে শ্বাসরোধে হত্যার পর অন্য কোনো স্থান থেকে মরদেহটি এনে এক্সপ্রেসওয়ের ওপর ফেলে রাখা হয়েছে।

তদন্ত কর্মকর্তারা এক্সপ্রেসওয়ের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছেন। যে স্থানে মরদেহটি পাওয়া গেছে, সেটি সরাসরি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে বলে জানিয়েছে পুলিশ। এ কারণে মরদেহটি কখন ও কীভাবে সেখানে আনা হয়েছে, তা জানতে নিরাপত্তাকর্মীদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে।

পুলিশের ধারণা, সিসিটিভির নজর এড়াতেই ওই স্থান বেছে নেওয়া হয়ে থাকতে পারে। মরদেহটি কোন যানবাহনে করে সেখানে আনা হয়েছে, তা শনাক্তে এক্সপ্রেসওয়ের বিভিন্ন প্রবেশ ও বের হওয়ার পয়েন্টের সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত