
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রজেক্ট ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাঁকে জামিন দেন।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত বৃহস্পতিবার আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়। রোববার তাঁকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। আজ জামিনের আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাঁকে জামিন দেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তারিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৮ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে মহিউদ্দিন চৌধুরীকে।
গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে এই প্রজেক্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।
এজাহারে অভিযোগ করা হয়, পূর্বশত্রুতার জেরে আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে আগ্নেয়াস্ত্র, শটগান, রিভলবার, চাপাতি, রামদা ও লাঠিসোটাসহ প্রজেক্টে প্রবেশ করেন। এ সময় তাঁরা প্রায় ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। হামলায় প্রজেক্টের সাইড ইঞ্জিনিয়ার মো. পারভেজ ও নিরাপত্তারক্ষীরা মারধরের শিকার হয়ে আহত হন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা প্রজেক্টের মেইন গেট, থাইগ্লাস, কেচি গেট ও অফিসের বিভিন্ন সামগ্রী ভাঙচুর করেন। এ ছাড়া অফিসের লকার ভেঙে নগদ ২৫ লাখ টাকা, তার, রড নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। হামলায় প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের মালামাল লুটের অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, প্রজেক্টের ৫ হাজার বর্গফুটের একটি ফ্লোরে থাকা সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিওতে অনধিকার প্রবেশ করে দুটি টিভি, এসি ও মূল্যবান ফার্নিচার ভাঙচুর করা হয়। এতে প্রায় ৯৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। স্টুডিওটিতে শুটিং ও টেকনিক্যাল সরঞ্জাম ছিল বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
মামলার নামীয় আসামিরা হলেন-শাহরিয়া মাহমুদ (৬০), মো. আবুল কাশেম (৫৩), মো. বাবুল হোসেন (৪৯), মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী (৬৭), মোহাম্মদ সাহিনুজ্জামান (৪৭), মো. মতিউর রহমান (৪৮), মজিবুর রহমান (৪৭), নুরুল ইসলাম (৫১), মিজানুর রহমান (৫৯), এমকে আজাদ (৫৪), মো. মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মুন্না (২৯)।
এ মামলায় মহিউদ্দিন চৌধুরীসহ মোট সাতজনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে অন্য ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৩ মিনিট আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
৪ মিনিট আগে
ঢাবি প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘ঘটনাটি নিয়ে আমাদের কাছে একটি অভিযোগ (মৌখিক) এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।’
১০ মিনিট আগে
সুনামগঞ্জ সদরে চোরাই পথে ভারত থেকে আনা একটি মহিষের আক্রমণে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাজু মিয়া (৪০) নামে একজনের অবস্থা গুরুতর। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৩ মিনিট আগে