
রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার প্রতিবাদে এলাকাবাসী ও ব্যবসায়ী সমাজের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টায় মৌচাক থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত কয়েক শ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে দুর্বৃত্তরা সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারে ছুরি-চাপাতি নিয়ে হামলা চালিয়ে পরিবহনকর্মী ও মালিকপক্ষের এক পরিচালককে গুরুতর জখম করে। এ সময় কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। হামলায় অন্তত ১০–১৫ জন পরিবহনকর্মীকে কুপিয়ে আহত করা হয় এবং যাত্রীদেরও মারধর করা হয়। এ ঘটনার পর থেকে মালিবাগ, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিবাগ ও চৌধুরীপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বক্তারা অভিযোগ করেন, হামলার ঘটনায় গণমাধ্যমে পর্যাপ্ত প্রমাণ প্রকাশিত হলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ঘটনার তিন দিন অতিক্রান্ত হলেও এখনো কাউকে গ্রেপ্তার না করায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
তাঁরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নিলে এলাকাবাসী আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফরচুন মার্কেটের সভাপতি জাহাঙ্গীর হাসান মানিক, মৌচাক বণিক সমিতির সভাপতি পপি, আয়েশা মার্কেট সমিতির সভাপতি কাওসার এবং মগবাজার-মালিবাগ জোনের সভাপতি বিবর্তী।
সমাবেশে সর্বসম্মতিক্রমে ঘোষণা দেওয়া হয়, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এলাকাবাসী ও ব্যবসায়ী সমাজ আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১৪ মিনিট আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
৩৫ মিনিট আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৮ ঘণ্টা আগে