প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট

সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) গবেষণার জন্য রাখা ১৩টি মোরগ চুরির ঘটনা ঘটেছে। গত এপ্রিল মাসে সরকারি প্রতিষ্ঠানটির পোলট্রি উৎপাদন গবেষণা বিভাগের মেল শেড থেকে মোরগগুলো চুরি হয়।
এর আগে ২০২৩ সালে একই শেড থেকে ৩৮টি মোরগ চুরি হয়েছিল। অতীতে গবেষণার জন্য আনা ১৮টি উটপাখিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পেটে গেছে বলে অভিযোগ রয়েছে।
মোরগ চুরির ঘটনায় ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়েছে। মুরগি নিখোঁজের বিষয়টি উদ্ঘাটনে প্রতিষ্ঠানটির ভেড়া উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ঘটনার এক মাস পেরিয়ে গেলেও চুরির সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি। ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তি বা তদন্তপ্রক্রিয়ায় যুক্ত কেউই গণমাধ্যমের কাছে মুখ খুলতে রাজি হননি।
চুরি হওয়া মোরগগুলোর শেডের ব্যবস্থাপনার দায়িত্ব পোলট্রি উৎপাদন গবেষণা বিভাগের। এই বিভাগের প্রধান বিএলআরআইয়ের মহাপরিচালক (ডিজি) শাকিলা ফারুক নিজেই। প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ডিজি নিজের দায় এড়িয়ে অন্য একজন বৈজ্ঞানিক কর্মকর্তাকে চুরির ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, ‘চুরির ঘটনাটা সাজানো নাটক। নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে আগে থেকে মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও কর্তৃপক্ষ এত দিন কোনো পদক্ষেপ নেয়নি। এখন এ ঘটনায় ডিজি ব্যক্তিগত বিরোধের ঝাল মেটাচ্ছেন।’
এ বিষয়ে জানতে চাইলে ডিজি ড. শাকিলা ফারুক বলেন, ‘এগুলো নিয়ে কী আর বলব! এগুলো থাক এখন। মন্ত্রণালয়কে আমরা এ বিষয়ে অবহিত করেছি। সবকিছু ওকে (ঠিক) হয়ে গেছে।’
কারণ দর্শানোর নোটিশ পাওয়া কর্মকর্তা বলেন, ‘খুব চাপের মধ্যে আছি—তাই কথা বলতে চাচ্ছি না। তদন্ত কমিটি করেছে। জানি না তাঁরা কী রিপোর্ট দেবেন।’
বিএলআরআইয়ের গবেষণাসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা দুর্বল হওয়ার কারণেই বারবার চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনায় নিরাপত্তাকর্মীদের যোগসাজশ রয়েছে।
বক্তব্য জানতে চাইলে বিএলআরআইয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. আহসান হাবীব বলেন, মোরগ চুরির ঘটনায় তিনি নিজেই ২৮ এপ্রিল আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এর আগে ২০২৩ সালে বিএলআরআই শেড থেকে গবেষণার ৩৮টি মোরগ চুরি হয়েছে বলে ইনস্টিটিউটে আলোচনা ছড়িয়ে পড়ে। সে বিষয়ে তদন্ত কমিটি করা হলেও তার প্রতিবেদন আর আলোতে আসেনি। চুরির সঙ্গে জড়িত কেউ শনাক্তও হননি। তবে অভিযোগ রয়েছে, মোরগগুলো জবাই করে খেয়ে ফেলা হয়। এর সঙ্গে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিরাপত্তাকর্মীরা জড়িত।
কয়েক বছর আগে গবেষণার জন্য আনা ১৮টি উটপাখিও কর্মকর্তাদের পেটে গেছে বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, গরু-খাসির বিকল্প মাংসের জোগান দিতে উটপাখি পালন সম্প্রসারণে ২০১৯-২০ অর্থবছরে একটি গবেষণা প্রকল্প হাতে নেয় বিএলআরআই। ২০২০ সালে আফ্রিকা থেকে দুই ধাপে ২২টি উটপাখি আমদানি করা হয়। বিশাল আকারের পাখিগুলো রান্না করে খাওয়ার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, কয়েকটি উটপাখি মারা গেছে। আর বাকিগুলো ‘মাংসের গুণাগুণ পরীক্ষা করতে’ জবাই করা হয়েছে।
পোলট্রি উৎপাদন গবেষণা বিভাগের শেড থেকে মোরগ চুরির নতুন ঘটনার বিষয়টি বিএলআরআই কর্তৃপক্ষ লিখিতভাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবকে অবহিত করেছে। জানতে চাইলে সচিব মো. তোফাজ্জেল হোসেন বলেন, ‘মোরগ চুরির ঘটনায় কারও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখব। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
সচিব জানান, এর আগে আরও কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বিএলআরআইয়ে নিরাপত্তা বাড়ানোর জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছিলেন তিনি।
আরও খবর পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতিতে মহাসড়কে ওঠা একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জারিয়া বেগম বাসের চাপায়...
২৭ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. মাইনুল ইসলাম মান্না পদত্যাগ করেছেন। গতকাল রোববার (৩১ মে) রাতে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন।
৪২ মিনিট আগে
ঈদের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৮ ঘণ্টায় এবং উত্তর সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল। তবে বাস্তবতা হলো, কোরবানির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেও অপসারণে ব্যর্থ হয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশন। এই কর্মযজ্ঞ নজরদারি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।
৭ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডের ছয় নবজাতকের মৃত্যুর সঠিক কারণ চার দিন পরও অজানা। তদন্ত কমিটির সংশ্লিষ্টদের ধারণা, বিশুদ্ধ বাতাস চলাচলের সুবিধাহীন কক্ষটিতে অক্সিজেনস্বল্পতায় এই ঘটনা ঘটে থাকতে পারে। সেখানে স্প্লিট এসি রয়েছে, যা ইমারত নির্মাণ বিধিমালার লঙ্ঘন।
৭ ঘণ্টা আগে