
রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে নগদের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চাকরিচ্যুত পুলিশ সদস্য ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রয়েছেন। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ বিপুল অর্থ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাসান, চাকরিচ্যুত পুলিশ সদস্য গোলাম মোস্তফা ওরফে শাহিন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মো. জালাল উদ্দিন ওরফে রবিউল, মো. ইমদাদুল শরীফ ও মো. সাইফুল ইসলাম ওরফে শিপন। অভিযানে উদ্ধার করা হয়েছে নগদ ২২ লাখ ১০ হাজার ৭৮০ টাকা, ব্যাংকে গচ্ছিত আরও ১২ লাখ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হায়েস গাড়ি।
এর আগে ১৪ জুন সকালে নগদ কোম্পানির ডিস্ট্রিবিউটর আব্দুল খালেক নয়নের উত্তরা ১২ নম্বর সেক্টরের বাসা থেকে চার কর্মচারী চারটি ব্যাগে ১ কোটি ৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে নগদের অফিসে যাচ্ছিলেন। পথে ১২ ও ১৩ নম্বর সড়কের সংযোগস্থলে কালো রঙের একটি হায়েস মাইক্রোবাস গতিরোধ করে।

‘র্যাব’ লেখা কটি পরা, মুখোশধারী ছয় থেকে সাতজন অস্ত্রধারী ব্যক্তি গাড়ি থেকে নেমে তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের তিনজনকে ধরে ফেলা হয়। তাঁদের মাইক্রোতে তুলে নিয়ে মারধর করে পরে উত্তরার দিয়াবাড়ি ১৭ নম্বর সেক্টর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে টাকাগুলো নিয়ে চলে যান।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানা-পুলিশ ছাড়াও তদন্ত করছে ডিবি পুলিশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে খিলগাঁও এলাকা থেকে প্রথমে চালক মো. হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় র্যাবের ভুয়া নেমপ্লেট ও ৮ হাজার ৫০০ টাকা। তাঁর তথ্যের ভিত্তিতে মাদারটেকের একটি গ্যারেজ থেকে জব্দ করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি।
একই রাতে উত্তরা থেকে ছিনতাইয়ের মূল হোতা চাকরিচ্যুত পুলিশ সদস্য গোলাম মোস্তফা ওরফে শাহিনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১৩ লাখ ৩৪ হাজার টাকা। এরপর আদাবর থেকে ইমদাদুল শরীফকে গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে পাওয়া যায় ৮ লাখ ৪ হাজার ৭৮০ টাকা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট জালাল উদ্দিনকে সবুজবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে ৬৩ হাজার টাকা পাওয়া যায়। ঘটনার পরদিন জালাল লুটের ১২ লাখ টাকা নিজের ব্যাংক হিসাবে জমা করেন। পুলিশ ওই টাকা জব্দের প্রক্রিয়া চালাচ্ছে।

পরে এয়ারপোর্ট রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ছিনতাই দলের আরেক সদস্য মো. সাইফুল ইসলাম ওরফে শিপনকে। তাঁর হেফাজত থেকে উদ্ধার হয় র্যাব-পুলিশের ভুয়া আইডি কার্ড, সিগন্যাল লাইট, লাঠি, মানিব্যাগ, চেকবই ও একাধিক মোবাইল ফোন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে র্যাব-পুলিশের পরিচয়ে ছিনতাই করে আসছিলেন। মূল পরিকল্পনায় ছিলেন চাকরিচ্যুত পুলিশ সদস্য শাহিন ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য জালাল।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তার ও বাকি লুণ্ঠিত অর্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি ডাকাত দলের সর্দার মো. নুরে আলমকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামের ৮ নং ওয়ার্ডের সরকারি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
শুনানি উপলক্ষে জুনাইদ আহমেদ পলকসহ চারজনকে আদালতে হাজির করা হয়। এ সময় মহানগর দায়রা জজ আদালত ভবনের ক্যানটিন গেট এলাকায় নিষিদ্ধ সংগঠনের কতিপয় সদস্য ও সমর্থক সমবেত হন। তারা জুনায়েদ আহমেদ পলককে প্রিজনভ্যানে নিয়ে যাওয়ার সময় সরকারবিরোধী স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালান। সংবাদ পেয়ে কোতোয়ালি
৪ মিনিট আগে
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ চারটি দলীয় ইভেন্টে ট্রফি জিতে রংপুর বিভাগে সংবর্ধনা পেয়েছেন খেলোয়াড়েরা। মঙ্গলবার রংপুর স্টেডিয়াম থেকে পিকআপে নগর প্রদক্ষিণের পর বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাঁদের বরণ করা হয়। ফুটবল ও কাবাডির বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।
১০ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সাড়ে আট কিলোমিটার খাল পুনঃখননকাজ শেষে বরাদ্দের বেঁচে যাওয়া প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ ও প্রকল্প বাস
১৬ মিনিট আগে