Ajker Patrika

ফের শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় ৬ পোশাক কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক, সাভার
ফের শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় ৬ পোশাক কারখানায় ছুটি
ফাইল ছবি

আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে আজ শনিবার ছয়টি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা। সকালে কাজে যোগ দিতে কারখানায় উপস্থিত হলেও উৎপাদনকাজে অংশ নেননি তাঁরা। পরে কর্তৃপক্ষ কারখানাগুলোতে আজকের জন্য ছুটি ঘোষণা করে।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে আগে থেকেই ৪০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ আরও ছয়টি কারখানায় ছুটি ঘোষণার ফলে বন্ধ কারখানার সংখ্যা বেড়ে ৪৬টিতে দাঁড়িয়েছে।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ তিন দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। এ পরিস্থিতিতে সরকার মজুরি বোর্ড গঠন করলেও নতুন বেতন কাঠামো এখনো ঘোষণা করা হয়নি। ফলে মজুরি নির্ধারণের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসায় অনেক কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়ে গেছে।

এরই ধারাবাহিকতায় আজ সকালে আশুলিয়ার ছয়টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে কর্মস্থলে উপস্থিত হন। তবে উৎপাদনকাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন তাঁরা। একপর্যায়ে কর্তৃপক্ষ কারখানাগুলোতে আজকের জন্য ছুটি ঘোষণা করে।

এদিকে সাভারের হেমায়েতপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা আন্দোলন করলেও আজ সেখানকার সার্বিক পরিস্থিতি শান্ত ছিল। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজ করেছেন।

আশুলিয়া শিল্প পুলিশ (১) এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আজ আশুলিয়া বা সাভারে শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি। তবে শ্রমিকেরা কাজ না করায় ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে আগে থেকেই আরও ৪০টি কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা কবে খুলবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত