চ্যালেঞ্জ নিয়ে পথ হাঁটছে নাটকের স্টুডিও থিয়েটার

একসময় মঞ্চনাটকের জন্য রাজধানীতে মিলনায়তনের খুব অভাব ছিল। বহু বছর বেইলি রোডের দুটি মিলনায়তন ছিল মূল সম্বল। সাম্প্রতিক দশকে একে একে আসে মহানগর নাট্যমঞ্চ ও শিল্পকলা একাডেমির আধুনিক হল। শিল্পকলায় নিয়মিত নাটক চললেও মহানগর নাট্যমঞ্চ নানা কারণে অচল। বিশাল নগরের প্রয়োজনের তুলনায় অভাবটা তাই থেকেই যায়।
এমন প্রেক্ষাপটে নাটকের প্রদর্শনীর জন্য নাট্যকর্মীদের উদ্যোগে ছোট ছোট মিলনায়তন গড়ে উঠেছে। এর নাম দেওয়া হয়েছে স্টুডিও থিয়েটার। মিলনায়তনগুলো অনেকটা শহরজুড়ে ছড়িয়ে থাকায় এলাকাভিত্তিক নাটক দেখার সংস্কৃতি তৈরি হচ্ছে। এলাকাভিত্তিক হওয়ায় এসব মিলনায়তনে আয়োজিত সাংস্কৃতিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও অনেকের প্রত্যাশা। তবে প্রতি বর্গফুট জমির জন্য কাড়াকাড়ির এই মহানগরে পৃষ্ঠপোষকতা ছাড়া এসব মিলনায়তন চালিয়ে যাওয়া উদ্যোক্তাদের জন্য কঠিন হয়ে পড়ছে।
২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি একক আন্তর্জাতিক নাট্যোৎসবের মধ্য দিয়ে শুরু হয় দনিয়া স্টুডিও থিয়েটারের। উদ্বোধনী আয়োজনে ছিল বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি নাটকের দলের প্রদর্শনী।
তখন থেকে আজ পর্যন্ত মিলনায়তনটিতে সাংস্কৃতিক আয়োজন চলে আসছে। এর অবস্থান রাজধানীর এক প্রান্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে, যাত্রাবাড়ীর দনিয়ায়। স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষদের কাছে একটি সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছে এই স্টুডিও থিয়েটার। দনিয়া পাঠাগার এর তত্ত্বাবধান করে। পাঠাগারের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ বললেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে এর প্রভাব স্টুডিওগুলোর ওপর পড়ছে। অনুষ্ঠান কম হলে দর্শকও নিয়মিত আসা বন্ধ হয়ে যায়।
শাহনেওয়াজ মনে করেন, বাইরের পৃষ্ঠপোষকতা ছাড়া এ দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া কঠিন। তিনি জানালেন, সরকারিভাবে কিছু অনুদান দেওয়া হতো স্টুডিওকেন্দ্রিক। এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে।
অনুস্বর নাট্যদলের পরিচালনায় ঢাকার সেগুনবাগিচায় চলছে অনুস্বর স্টুডিও থিয়েটার। ২০২১ সাল থেকে সেখানে একের পর এক নাটক প্রদর্শিত হচ্ছে। শিল্পকলা একাডেমির ঠিক পাশেই এমন স্টুডিও থিয়েটার দর্শকদের কতটা টানছে? আর নাট্যাঙ্গনে কী অবদানই-বা রাখছে তারা? এসব প্রশ্নের জবাবে অনুস্বরের নির্দেশক ও সংগঠক সাইফ সুমন বলেন, ‘নিয়মিত অভিনয়চর্চা, নাট্যভাষা নিয়ে নিরীক্ষা এবং একই সঙ্গে নানা রকম চ্যালেঞ্জ ও উপলব্ধির মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে আমাদের। নিজস্ব পরিসরে স্টুডিও থিয়েটার চর্চা করার মধ্যে একধরনের স্বাধীনতা আছে। এখানে আমরা আমাদের মতো করে মঞ্চের ভাষা নির্মাণ করতে পারি, অভিনয়ের নতুন ব্যাকরণ খুঁজতে পারি।’
তবে আর্থিক পৃষ্ঠপোষকতার অভাবকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন সাইফ সুমন। বলেন, ‘এই পথ মোটেও সহজ নয়। নিয়মিত মহড়া ও প্রদর্শনীর উপযোগী একটি জায়গা পাওয়া, সেটির রক্ষণাবেক্ষণ করা এবং তার ব্যয় বহন করা সহজ কাজ নয়। একটি স্টুডিও থিয়েটার চালু রাখা মানে শুধু নাটক তৈরি করা নয়, প্রতিদিন একটি সাংগঠনিক ও অর্থনৈতিক লড়াই চালিয়ে যাওয়া। নতুন জায়গায় দর্শককে নিয়মিত থিয়েটারে নিয়ে আসাও একটা চ্যালেঞ্জ।’
সাইফ সুমন মনে করেন, স্টুডিও থিয়েটারকে শুধু একটি বিকল্প মঞ্চ হিসেবে দেখলে চলবে না, এটিকে অভিনয় প্রশিক্ষণ, নতুন নাট্যভাষার অনুসন্ধান এবং দর্শকের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে হবে।
২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত নানাভাবে স্টুডিওকেন্দ্রিক কাজ করেছে নাটকের দল পালাকার। চলতি বছরের জুন মাসে শুরু হয়েছে মগবাজারের বিশাল সেন্টারের ছাদে পালাকার ছাদমঞ্চ বা পালাকার রুফটপ স্টুডিও। ‘হাজার চুরাশির মা’ নাটক দিয়ে এর যাত্রা শুরু হয়েছে গত জুনে। স্টুডিও থিয়েটারটিতে নিয়মিত নাটক নিয়ে কাজ করছেন পালাকারের নির্দেশক শামীম সাগর। তিনি বললেন, পালাকারের রুফটপ স্টুডিওতে প্রদর্শিত দুটি নাটক দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে এ ধরনের নতুন জায়গায় প্রতিটি প্রদর্শনীতে সমানসংখ্যক দর্শক পাওয়া যায় না। নিয়মিত দর্শকগোষ্ঠী গড়ে ওঠা এবং সাধারণ মানুষের কাছে একটি জায়গার গ্রহণযোগ্যতা তৈরি করতে সময় লাগে।
শামীম আরও বললেন, ছোট পরিসরে থিয়েটার করলে প্রযোজনার খরচ কম হবে বলে অনেকে মনে করলেও বাস্তবে জায়গা বড়-ছোট যা-ই হোক, মানসম্মত নাট্য প্রযোজনা তৈরি করতে উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়। আবার স্টুডিও থিয়েটারে দর্শকসংখ্যা সীমিত থাকায় টিকিট বিক্রির আয় থেকে খরচ তুলে আনতেও অনেক সময় লাগে। বিকল্প ধারার থিয়েটারকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি বা প্রতিষ্ঠানের এই ধরনের উদ্যোগের পাশে দাঁড়ানো প্রয়োজন। ছোট ছোট অনুদানও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রাজধানীর গুলশানে নাটকের দল স্পর্ধা নিজস্ব স্টুডিওতে কাজ করছে। তাড়ুয়াও নিজেদের স্টুডিও তৈরির কাজ করছে।
রাজধানীর নাট্যকর্মীরা স্টুডিও থিয়েটারের প্রসারকে ইতিবাচকভাবেই দেখেন। তবে তাঁরা মনে করেন, অর্থনৈতিকভাবে স্টুডিও থিয়েটারগুলোকে টিকিয়ে রাখতে হলে অনেক পথ হাঁটতে হবে। প্রথমেই দর্শকের কাছে স্টুডিওগুলোর খবর পৌঁছাতে হবে। কারণ, দর্শকই নাটকের প্রাণ। নাট্যকর্মী আশিকুর রহমান বলেন, ‘দর্শক ঢাকায় নাটকের হল বলতে চেনে শিল্পকলা একাডেমি আর বেইলি রোড। দলগুলোকে এসব মিলনায়তনে বেশি বেশি নাটক মঞ্চায়িত করতে হবে। ক্রমে দর্শকসংখ্যা বাড়লে স্টুডিও থিয়েটারগুলো এগিয়ে যেতে পারবে।’









