Ajker Patrika

আলট্রাসনোগ্রামে যমজ শিশু, সিজারের পর একটি, আরেক দম্পতি পুলিশ হেফাজতে

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৪: ১৮
আলট্রাসনোগ্রামে যমজ শিশু, সিজারের পর একটি, আরেক দম্পতি পুলিশ হেফাজতে
পুলিশ হেফাজতে নেওয়া দম্পতির কোলে উদ্ধার হওয়া নবজাতক। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একটি নিখোঁজ হওয়ার আট দিন পর বগুড়া থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া শিশুটি নওগাঁর ওই ক্লিনিক থেকে নিখোঁজ নবজাতক কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির তারতা গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মলিনা (৪০) নামের এক নারী ও তাঁর স্বামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সুপার আরও বলেন, ওই নারী প্রথমে নিজেকে শিশুটির প্রসূতি মা বলে দাবি করলেও পরে স্বীকার করেছেন, তিনি শিশুটিকে সংগ্রহ করেছেন। উদ্ধার হওয়া শিশুটিই নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ নবজাতক কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। প্রকৃত মা-বাবা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতে থাকবে। শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হলো এবং এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।

এদিকে এ ঘটনার সূত্রপাত ৫ নভেম্বর। ওই দিন নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির অস্ত্রোপচার হয়। তাঁর স্বামী শান্ত ইসলাম থানায় লিখিত অভিযোগে জানান, অস্ত্রোপচারের আগে করা দুটি পৃথক আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে তাঁর স্ত্রীর গর্ভে যমজ সন্তান থাকার কথা উল্লেখ ছিল। কিন্তু অস্ত্রোপচারের পর ক্লিনিক কর্তৃপক্ষ তাঁদের একটি কন্যাশিশু দেয়। অপর নবজাতকের বিষয়ে জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ সদুত্তর দেয়নি বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি ধামাচাপা দিতে তাঁদের আর্থিক প্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ করেন শান্ত ইসলাম।

এ ছাড়া অস্ত্রোপচারের পর সেলাই না করে ক্ষতস্থান দীর্ঘ সময় ফেলে রেখে ভয়ভীতি দেখিয়ে জোর করে ভিডিও ধারণের অভিযোগ করেছেন সান্ত্বনা আক্তার।

তবে ৭ নভেম্বর সংবাদ সম্মেলন করে নবজাতক নিখোঁজের অভিযোগ অস্বীকার করে বলাকা ক্লিনিক কর্তৃপক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ক্লিনিক মালিক সমিতির নেতারা। তাঁদের দাবি, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল। আগের আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে ত্রুটি থাকায় যমজ সন্তানের তথ্য এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত