Ajker Patrika

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট উড্ডয়ন শুরু, কী ঘটেছিল

আজকের পত্রিকা ডেস্ক­
চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট উড্ডয়ন শুরু, কী ঘটেছিল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান উড্ডয়নের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, উড্ডয়ন স্থগিতের নির্দেশ বাতিল করা হয়েছে। এর ফলে কয়েক ঘণ্টার অচলাবস্থার পর আবারও বিমান চলাচল শুরু করার সুযোগ তৈরি হয়েছে।

সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বড় ধরনের যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটার পর শুক্রবার যুক্তরাষ্ট্রের সব বিমান উড্ডয়ন স্থগিত করা হয়। এতে দেশজুড়ে ব্যাপক ভ্রমণ-ভোগান্তি তৈরি হয়।

প্রায় চার ঘণ্টা সময় ধরে চলা এই স্থগিতাদেশে হাজার হাজার যাত্রী অনিশ্চয়তায় পড়েন। পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় কোনো কোনো বিমান ছাড়ার ঠিক আগমুহূর্তে যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেন এয়ারলাইনস কর্মীরা।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। এ ছাড়া শনিবারের জন্য আগেই প্রায় ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। বিমান চলাচল বিশ্লেষকদের আশঙ্কা, ফ্লাইটের সময়সূচি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এয়ারলাইনসগুলোর কয়েক দিন সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন বলেন, দেশটির জন্য কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি।

মুলিন আরও বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো অসৎ উদ্দেশ্যপ্রণোদিত হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। আপাতত এটিকে টেলিযোগাযোগব্যবস্থার বিঘ্ন হিসেবেই দেখা হচ্ছে। তবে এ পর্যায়ে কোনো সম্ভাবনাই পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের আকাশসীমায় এ ধরনের সতর্কতামূলক উড্ডয়ন স্থগিতের ঘটনা এটি দ্বিতীয়বার।

এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে ‘নোটিশ টু এয়ার মিশনস’ (নোটাম) ব্যবস্থায় সমস্যার কারণে দেশজুড়ে বিমান উড্ডয়ন স্থগিত করেছিল এফএএ। পাইলটদের জন্য ঝুঁকি, বিমানবন্দরের সুযোগ-সুবিধায় পরিবর্তন এবং ফ্লাইটে প্রভাব ফেলতে পারে—এমন বিভিন্ন তথ্য সরবরাহ করে এই ব্যবস্থা। সেবার যোগাযোগব্যবস্থার ওই বিঘ্নের কারণে প্রায় দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত