রাজধানীর জুরাইন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছে। আজ শুক্রবার সাড়ে ৭টার দিকে কদমতলী জুরাইন নবারন গলিতে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে থানা-পুলিশ ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত সুমন মিলন ওরফে মিন্টুর বাড়ি মাদারীপুর জেলার কালকিনী থানার চরফতিবাহাদুরপুর গ্রামে। বাবার নাম মৃত আবুল হোসেন মৃধা। বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ মোকাম পাড়া মসজিদের পাশে পরিবার নিয়ে নিয়ে ভাড়া থাকতেন। পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন তিনি।
কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যার দিকে খবর পাই জুরাইন নবারন গলিতে এক ব্যক্তিকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখেছে। এরপর ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে দুই পায়ের রগ কাটাসহ শরীরের বিভিন্ন জখম অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এসআই মিঠুন আরও বলেন, ‘কে বা কারা ওই স্যানিটারি মিস্ত্রিকে হত্যা করেছে জানতে পারি নাই। বিস্তারিত জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’










