
ঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার পথে গাবতলী পার হলেই চোখে পড়ে প্লাস্টিক, পচা খাবার আর নানা রকম বর্জ্যের স্তূপ। সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের একপাশের কয়েক শ ফুটজুড়ে ছড়িয়ে থাকা ওই আবর্জনার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধ এলাকার পরিবেশ দূষিত করছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে ওই এলাকার মানুষ।
শুধু আমিনবাজারেই নয়, আমিনবাজার থেকে ধামরাইয়ের কেলিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে মহাসড়কের দুই পাশে নিয়মিত আবর্জনা ফেলা হচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়ক ঘুরে দেখা গেছে, আমিনবাজার পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে প্রায় ২০০ মিটারজুড়ে মহাসড়কের ধারে স্তূপাকারে আবর্জনা জমে আছে। পাওয়ার গ্রিড সাবস্টেশন থেকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় অন্তত ১০টি স্থানে মহাসড়কের উভয় পাশে আবর্জনার স্তূপ চোখে পড়ে। আবর্জনা ফেলা হচ্ছে সাভার বাসস্ট্যান্ডের অদূরে মডেল মসজিদের পাশে, মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের সামনে মহাসড়কের ওপরে এবং বাংলাদেশ বেতারের মহাশক্তি প্রেরণকেন্দ্রের কাছে মহাসড়কের পাশে। এ ছাড়া ধামরাইয়ের কেলিয়ায় মহাসড়কের পাশে প্রায় ২০০ মিটারজুড়ে আবর্জনা ফেলা হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত সাভার ও ধামরাই পৌরসভা এবং আমিনবাজার ইউনিয়নের পরিচ্ছন্নতাকর্মীরা রিকশাভ্যানে করে এনে আবর্জনা ফেলে যায়। এ ছাড়া মাঝেমধ্যে রাজধানী থেকেও ট্রাকে করে আবর্জনা এনে পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে ফেলা হয়। প্রায় এক বছর ধরে এই আবর্জনা ফেলা হলেও সড়ক ও জনপথ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
আমিনবাজার পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে মো. শাজাহানের ভাতের হোটেল। হোটেলটির উল্টো পাশের টিমটেক্স গ্রুপের পোশাক কারখানা ও গ্রিডের শ্রমিকসহ অনেক যানবাহন শ্রমিকেরা দুপুরের খাবার খেতেন ওই হোটেলে। হোটেলমালিক বলছেন, সাত মাস ধরে হোটেলের পাশে মহাসড়কের ধারে আবর্জনা ফেলার পর থেকে ক্রেতা কমে গেছে।
হোটেলমালিক শাজাহান বলেন, ‘সাত মাস আগে প্রতিদিন গড়ে ১০-১২ হাজার টাকা বিক্রি হতো। আবর্জনা ফেলার পর থেকে গড়ে প্রতিদিন ২-৩ হাজার টাকার বেশি বিক্রি হয় না। দুর্গন্ধের কারণে লোকজন আসে না।’
আমিনবাজার ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী মো. সম্রাট বলেন, ‘আমাগো ইউনিয়নে ময়লা ফেলার কোনো জায়গা নাই। তাই এইহানে (পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে) সড়কের পাশে ময়লা ফালাই।’
মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের পাশের বিপণিবিতান সিটি সেন্টারের ব্যবসায়ী নাজমুল হোসেন বলেন, সড়কে জমে থাকা আবর্জনা থেকে ছড়ানো দুর্গন্ধের কারণে ফুটপাত দিয়ে হাঁটা যায় না। পৌরসভাকে বারবার বলার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ধামরাইয়ের কেলিয়ায় মহাসড়কের পাশে আবর্জনা ফেলার বিষয়ে জানতে চাইলে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ধামরাই পৌরসভার প্রশাসক মামনুন আহমেদ অনীক বলেন, ধামরাই পৌরসভার নিজস্ব কোনো ডাম্পিংস্টেশন নেই। জনমানবহীন এলাকায় ডাম্পিংস্টেশন করার চেষ্টা আছে। কিন্তু বরাদ্দের অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তাই অনেকটা নিরুপায় হয়েই কেলিয়ায় সড়কের পাশে আবর্জনা ফেলতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইফুদ্দিন বলেন, ‘গাবতলী পার হলেই ঢাকা-আরিচা মহাসড়কের পাশেই পাহাড়সম আবর্জনার স্তূপ। এ ছাড়া অন্যান্য স্থানেও আবর্জনা ফেলা হচ্ছে। এই আবর্জনা নিয়ে আমরা খুবই বিব্রত।’ তিনি বলেন, ‘উপজেলা প্রশাসনকে বারবার চিঠি দেওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ভবিষ্যতে ঢাকা বিভাগীয় কমিশনারের সঙ্গে কোনো বৈঠকে বিষয়টি তুলব। যাতে এর একটা সুরাহা হয়।’

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মামলায় দুধের শিশুকে নিয়ে কারাবন্দী ফারহানা আক্তার শিল্পীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করেন।
৭ মিনিট আগে
জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
৯ মিনিট আগে
গাজীপুরে মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে অবৈধ পাঁচটি বাজার। মহাসড়কের ফুটপাত ও লেন জবরদখল করে এগুলো গড়ে তোলা হয়েছে। এতে বাড়ছে যানজট। ভোগান্তিতে পড়েছে মহাসড়কে চলাচলকারী শত শত পরিবহনের হাজার হাজার যাত্রী। তবে অবৈধ এসব বাজার উচ্ছেদ না করে প্রশাসনের পক্ষে দেওয়া হচ্ছে ইজারা।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের পতেঙ্গায় একটি তেলের ট্যাংকারে অবৈধভাবে মজুত করা প্রায় ২০ লাখ টাকার জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সময় জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির...
১ ঘণ্টা আগে