
কুমিল্লার চৌদ্দগ্রামে দেশের একমাত্র জেএমআই সিরিঞ্জ কারখানার শ্রমিকরা সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তারা কারখানার সামনে বিক্ষোভের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন অবরোধ করেন।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার নোয়াপাড়া-রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা মহাসড়কের চট্টগ্রামমুখী লেন অবরোধ করে রাখেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ ও অবরোধ চলছিল। আন্দোলনে নেতৃত্ব দেন জেএমআই সিরিঞ্জ কারখানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী মিলন হাজারী।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তারা ১৩ দফা দাবি উত্থাপন করেছিলেন। সে সময় কারখানা কর্তৃপক্ষ ছয় মাসের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়। শ্রমিকদের দাবি, কিছু গৌণ দাবি বাস্তবায়ন হলেও দুই বছরেও মূল দাবিগুলো পূরণ হয়নি। এ কারণে এবার সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার থেকে নতুন কর্মসূচি শুরু হয়েছে।
শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—সরকারি স্কেল অনুযায়ী সর্বনিম্ন ১২ হাজার ৩৫০ টাকা বেতন নির্ধারণ ও তা চলতি মাস থেকেই কার্যকর করা, ছয় মাসের মধ্যে চাকরি স্থায়ী করা, এক বছরের মধ্যে পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান, বার্ষিক বেতন বৃদ্ধি, শ্রমিকদের হয়রানি ও অযৌক্তিক চাকরিচ্যুতি বন্ধ, অভিযুক্ত কয়েকজন কর্মকর্তাকে অপসারণ, আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট স্থান ও ১৫ মিনিট সময় নিশ্চিত করা।
জেএমআই সিরিঞ্জ কারখানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী মিলন হাজারী বলেন, ‘সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) শ্রমিক নেতাদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ, চৌদ্দগ্রাম মডেল থানা এবং মিয়াবাজার হাইওয়ে থানার কর্মকর্তাদের বৈঠক চলছিল বলে জানা গেছে।
তবে কারখানার ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
৫ মিনিট আগে
মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই দিন পর আজ ভোরে মেঘনা নদী থেকে হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া, বড় ছেলে সজীব ও ছোট ছেলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ফেরার পর মুকুল বিভিন্ন সুপারশপে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেন। এ ছাড়া বিভিন্ন অজুহাতে নিজের ব্যাংক হিসাবের চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
২৯ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
৩২ মিনিট আগে