ইনানীতে গ্যাসকূপে আগুন: জরিপ চলাকালে বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণের পর সেখানে জরিপের কাজ চলাকালে বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাত কর্মী দগ্ধ ও আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস ছালাম জানান, সম্প্রতি গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে জরিপের কাজ করছিলেন বাপেক্সের বিশেষজ্ঞ দলের সদস্যরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর গ্যাসকূপ থেকে আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে। এতে বাপেক্সের সাত কর্মী দগ্ধ ও আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাপেক্সের উপমহাব্যবস্থাপক রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনি। আহত সাতজনের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে টানা এক মাস জ্বলার পর গত ২৭ নভেম্বর ইনানীর ওই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনে বাপেক্স। এরপর সেখানে জরিপের কাজ শুরু করেন প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞ দলের সদস্যরা।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দোলন আচার্য্য বলেন, ভূতাত্ত্বিক জরিপ চালানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি আছে।
গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্গীরণ শুরু হয়। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা এক মাস ধরে সেখানে আগুন জ্বলছিল।









