টেকনাফে আবারও লোকালয়ে সেই গুলিবিদ্ধ হাতি, হাঁটছে খুঁড়িয়ে

কক্সবাজারের টেকনাফে আবারও লোকালয়ে ফিরে এসেছে গুলিবিদ্ধ সেই মাদি হাতি। চিকিৎসা শেষে ১০ দিন আগে হাতিটিকে বনে ফিরিয়ে দিয়েছিল বন বিভাগ। তবে আজ শনিবার সকালে সেটি আবারও বন থেকে বেরিয়ে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে চলে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা জানান, হাতিটি পেছনের ডান পা মাটিতে ফেলতে পারছে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। শনিবার দুপুরে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় বাসিন্দারা হাতিটিকে আবারও বনে ফেরানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত হাতিটি লোকালয়ের পাশের একটি পাহাড়ে অবস্থান নেয়। হাতিটিকে দেখতে সেখানে শত শত মানুষ ভিড় করেন।
বন বিভাগের শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, গত ১৮ নভেম্বর একটি সঙ্গীসহ আহত হাতিটি লোকালয়ে এসেছিল। পরে চিকিৎসা দিয়ে হাতিটিকে বনে ফিরিয়ে দেওয়া হয়। হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। এটি যেন আবার লোকালয়ে ঢুকতে না পারে, সে জন্য বনরক্ষীরা কাজ করছেন।
তৌহিদুল ইসলাম আরও জানান, ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সহায়তায় হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়েছিল। হাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তবে গুরুতর আঘাতের কারণে এটি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুর রহমান বলেন, চিকিৎসা শেষে হাতিটিকে গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেটি আবারও লোকালয়ে ফিরে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বনকর্মীরা স্থানীয় বাসিন্দাদের হাতিটিকে বিরক্ত না করার জন্য সতর্ক করছেন।









