সেন্ট মার্টিনে চিংড়ি খাওয়ার পর শ্বাসকষ্ট, হাসপাতালে পর্যটকের মৃত্যু

সেন্ট মার্টিন দ্বীপের একটি রেস্তোরাঁয় চিংড়ি খাওয়ার পর অসুস্থ হয়ে মো. ইব্রাহিম (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা আড়াইটার দিকে সেন্ট মার্টিন জেটিঘাট এলাকার একটি রেস্তোরাঁয় দুপুরের খাবারের সময় চিংড়ি মাছ খান ইব্রাহিম। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে সেন্ট মার্টিনের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পরে বেলা ৩টার দিকে স্পিডবোটে করে তাঁকে টেকনাফে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
সেন্ট মার্টিন হাসপাতালের চিকিৎসক মো. জাহিদুর রহমান বলেন, ‘অসুস্থ অবস্থায় ওই পর্যটককে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টেকনাফে পাঠানো হয়। তাঁর সঙ্গীদের ভাষ্য অনুযায়ী, রান্না করা চিংড়ি খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। ওই পর্যটকের আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল।’
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।









