
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মো. আরিফুল ইসলাম (২৯) নামে এক পুলিশ সদস্যকে বেধড়ক মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. শিবলু (২৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত ১ জুন এ ঘটনায় আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেন আরিফুল ইসলাম। তিনি ঢাকার রাজারবাগ ডিএমপি ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্সে কর্মরত। অভিযোগের পর থেকে তাঁর পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানান তিনি।
মো. আরিফুল ইসলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার আবদুল জলিলের ছেলে। পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে তাঁর বৃদ্ধ মা, দুই বোন, স্ত্রী ও সন্তান আতঙ্কে রয়েছেন।
লিখিত অভিযোগে আরিফুল ইসলাম উল্লেখ করেন, গত ৩১ মে সকাল সাড়ে ৯টায় একই এলাকার নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে মো. শিবলু (২৮) পূর্বশত্রুতার জেরে তাঁর বাড়ির পাশের আরিফুল ইসলামের পথে আটকিয়ে বেধড়ক মারধর করেন এবং মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর থেকে ফেসবুকে অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে বলা হয়।
আরিফুল বলেন, ‘ শিবলুর কর্মকাণ্ডে পুরো এলাকার মানুষ অতিষ্ঠ। দিনের বেলা কোনো রকমে পার করলেও রাত নামলেই আমার পরিবারসহ এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়, ভয়ে কেউ প্রতিবাদ করে না। প্রতিবাদ করলে তার ওপর নেমে আসে নির্যাতন, বাড়িতে হামলা। ঘরে আমার বৃদ্ধ মা, ছোট বোন, আমার স্ত্রী-সন্তানেরা রাতে ঘুমাতে পারে না ভয়ে। স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে আমার পরিবারের নিরাপত্তা ও সহযোগিতা চাচ্ছি।’
আরিফুল আরও বলেন, ‘শান্ত এলাকায় অস্ত্র-ইয়াবা কিভাবে আসল আর অর্থদাতা কে, জানি না। এসব সন্ত্রাসীদের কারা প্রশ্রয় দিচ্ছে তাদেরও আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।’
ভুক্তভোগী পুলিশ সদস্যের মা দিলোয়ারা বেগম রুবি (৫৫) বলেন, ‘শিবলুর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। এটার পর পুলিশ তাঁকে ধরতে এলাকায় আসে। এরপরই আমার ছেলে বাড়িতে ছুটিতে আসলে শিবলু তাকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর এটা নিয়ে থানায় ও এলাকায় একাধিক বৈঠক হয়। কিন্তু তাতে কোনো সমাধান হয়নি। আমার একটা মাত্র ছেলে ভয়ে আসতে পারে না বাড়িতে। ৮ বছর আগে স্বামীকে হারিয়েছি, ঘরের মধ্যে ভয়ে বাস করছি আমরা।'
জানা গেছে, আনোয়ারায় এক মাদ্রাসাশিক্ষার্থীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের দুই দফা হামলার ঘটনায়ও মো. শিবলুর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় তিনি এক নম্বর আসামি। এর আগে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের মামলায়ও ৬৯ নম্বর আসামি তিনি।
অস্ত্র ও গুলি হাতে মো. শিবলুর একটি ভিডিও গত বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর কিছুদিন পলাতক থাকলেও জাতীয় নির্বাচনের পর স্থানীয় রাজনৈতিক কিছু নেতার আশ্রয়ে এলাকায় কিশোর গ্যাং সৃষ্টি ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘শিবলুকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তাও নেওয়া হচ্ছে।’

চট্টগ্রামের বাঁশখালীতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে হামলায় মা-মেয়েসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত ময়রা খাতুন ও তার মেয়ে রাবিয়া খাতুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
৩ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নাকাই খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রকল্পের সব খরচ মিটিয়ে উদ্ধৃত ৪১ লাখ ৯০ হাজার ৮২৮ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল।
৫ মিনিট আগে
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক রোগীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। তবে ১৬ জুলাই ভোরে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় এক রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার অভিযোগে নির্বাচন অফিসে আউটসোর্সিংয়ে কর্মরত তিনজনকে চাকরিচ্যুত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর সোমবার তাদের অব্যাহতি দেওয়া হয় বলে মঙ্গলবার জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।
২৪ মিনিট আগে