চট্টগ্রামে এক নারীর পেটের ভেতর থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা বের করা হয়েছে। এসআরবি জানিয়েছে, ওই নারী পেটের ভেতরে করে এসব ইয়াবা বহন করছিলেন। এই ঘটনায় ওই নারীসহ দুজনকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মলত্যাগের মাধ্যমে ওই নারীর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুই জন হলেন—কক্সবাজার মহেশখালীর বাসিন্দা সালমা বেগম (৫০) ও বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা মো. তারেক (২৭)।
শনিবার এই ঘটনায় এসআরবি-৭-এর মুখপাত্র সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সিএনজি আটোরিকশা যোগে পটিয়া হয়ে চট্টগ্রামের দিকে আসছে।
এই তথ্যের ভিত্তিতে একটি দল পটিয়া থানাধীন জুলুর দিঘীর পাড় এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় নম্বরবিহীন একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামিয়ে এক নারীসহ দুজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুরুষ যাত্রী তাঁর সঙ্গে থাকা নারীর পেটের ভেতর ইয়াবা থাকার তথ্য দেন। পরবর্তীতে দুজনকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এক্স-রের মাধ্যমে ওই নারীর পেটে ইয়াবাসদৃশ বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন।
এসআরবির এই কর্মকর্তা বলেন, পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিতের পর স্বাভাবিক প্রক্রিয়ায় মলত্যাগের মাধ্যমে ওই নারীর পেট হতে ৩৮টি স্বচ্ছ পলিপ্যাকের ওপর কালো স্কচ টেপ দ্বারা মোড়ানো জামসদৃশ ৫০টি ইয়াবার পোটলা উদ্ধার করে, যার ভেতর থেকে মোট ১ হাজার ৯০০ পিস ইয়াবা পাওয়া যায়।
এই ঘটনায় পাঁচলাইশ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।










