রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, দুদকের জালে স্বাস্থ্য পরিদর্শক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. ফজলুল হক চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদক চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. রাজু আহমদের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।
ফজলুল হকের বিরুদ্ধে এক বছরে ব্যাংক হিসাবে প্রায় ৯২ লাখ টাকার লেনদেন, পদোন্নতি ও বদলিতে অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিত থেকেও হাজিরা দেখানো এবং আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
অভিযানের সময় বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়। ব্যাংক লেনদেনের বিবরণী নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও নেওয়া হয়েছে।
দুদকের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়েছে।’ এনফোর্সমেন্ট অভিযানের প্রতিবেদন দ্রুতই কমিশনে পাঠানো হবে বলেও জানান তিনি।
দুদক থেকে প্রাপ্ত তথ্যমতে, ফজলুল হক স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার সভাপতি। এ পদ ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে দাপ্তরিক কাজের বাইরে রাজনৈতিক ও প্রশাসনিক তদবিরে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিগত সরকারের আমলে তৎকালীন এক মন্ত্রীর ঘনিষ্ঠজন পরিচয়ে স্বাস্থ্য বিভাগে প্রভাব বিস্তার করতেন বলেও অভিযোগ রয়েছে। তাঁর ব্যাংক লেনদেন নিয়েও প্রশ্ন উঠেছে।
দুদকের অনুসন্ধানে সোনালী ব্যাংকের একটি হিসাবে গত এক বছরে প্রায় ৯২ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, রাঙ্গুনিয়া ছাড়াও ঢাকা, রাজশাহী, রামগড় ও আলীকদমসহ বিভিন্ন স্থান থেকে নগদ টাকা জমা এবং অনলাইন লেনদেনের মাধ্যমে তাঁর হিসাবে অর্থ এসেছে।
অভিযোগে বলা হয়েছে, এসব অর্থের একটি অংশ জমা হওয়ার পরপরই উত্তোলন করা হয়েছে। ১৫তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর হিসাবে এত বিপুল অঙ্কের লেনদেনের উৎস খতিয়ে দেখছে দুদক।
ফজলুল হকের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় উপস্থিতি দেখানোর অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় তাঁর স্বাক্ষর থাকত।
গত ১৭ ফেব্রুয়ারি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) আকস্মিক পরিদর্শনে গিয়ে তাঁকে কর্মস্থলে পাননি। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে, ২০১৯ সালেও কর্মস্থলে অনুপস্থিতি ও টালিশিট জমা না দেওয়ার অভিযোগে তাঁকে একাধিকবার কৈফিয়ত তলব করা হয়েছিল।
স্বাস্থ্য সহকারী থেকে সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে পদোন্নতির ক্ষেত্রেও তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ, বার্ষিক গোপনীয় প্রতিবেদন এবং পুলিশ ভেরিফিকেশন-সংক্রান্ত প্রক্রিয়া অনুসরণ না করেই তিনি পদোন্নতি পান।
সীতাকুণ্ড থেকে বদলি বাতিলের প্রলোভন দেখিয়ে সহকর্মী সুরেশ চন্দ্র দাশের কাছ থেকে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগও উঠেছিল ফজলুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফজলুল হক চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।









