Ajker Patrika

৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু শুক্রবার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ডে শুক্রবার শুরু হচ্ছে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) ২০২৬। মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মেলায় ২০টি প্যাভিলিয়ন ও ২১৬টি স্টলে ৩০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে।

আজ বুধবার মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।

শুক্রবার বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠীগুলো পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তা ও ব্যবসায়ীরাও অংশ নেবেন।

প্রায় চার লাখ বর্গফুট জায়গাজুড়ে আয়োজিত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

বিদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য থাকবে বিভিন্ন স্টল। মেলায় একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোনও থাকবে।

মেলা প্রাঙ্গণকে আকর্ষণীয় করতে নতুন লে-আউট পরিকল্পনা করা হয়েছে। দর্শনার্থীদের জন্য থাকবে ফুড জোন, শিশুদের জন্য দুটি প্লে জোন, বসার জন্য ক্যানোপি, সবুজায়ন, দৃষ্টিনন্দন প্রবেশপথ এবং একটি মসজিদ।

নারী ও পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা, পৃথক ও উন্নত টয়লেট সুবিধা এবং প্রাথমিক চিকিৎসার জন্য একটি মেডিকেল ক্যাম্প থাকবে।

নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে সার্বক্ষণিক পুলিশ ও বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োজিত থাকবেন। গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে।

অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি দল এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ গাড়ি মেলা চলাকালে প্রস্তুত থাকবে।

মেলা চলাকালে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পরিদর্শনের আমন্ত্রণ জানাবে চেম্বার। আয়োজকদের আশা, এর মাধ্যমে বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও মেলা পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা তিনটি প্যাভিলিয়ন, স্টল এবং দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিশেষ পদক ও সনদ দেওয়া হবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিনা মূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি আমিরুল হক বলেন, মেলার আয়োজন করতে ছয় থেকে আট মাস সময় প্রয়োজন হয়। রেলওয়ের কাছ থেকে মাঠ বরাদ্দ নেওয়া এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার প্রক্রিয়াতেও সময় লাগে।

আমিরুল হক বলেন, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে এ ধরনের মেলা আয়োজন করা কঠিন। আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার কথা থাকায় ডিসেম্বরের মধ্যেই মেলা শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

১৯৯৩ সাল থেকে দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার এ মেলার আয়োজন করে আসছে। তবে গত দুই বছর মেলাটি অনুষ্ঠিত হয়নি।

আয়োজকদের আশা, চট্টগ্রাম মহানগরীসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী এবারের মেলায় আসবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত