চুরি যাওয়া পুলিশের সেই পিকআপ উদ্ধার

চুরি যাওয়ার ৩ ঘণ্টা পর কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ফকিনীর হাট এলাকা থেকে উদ্ধার করা হলো পুলিশের সেই পিকআপ ভ্যান। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে হালিশহর থানা-পুলিশের গাড়িটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চুরি হওয়া পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’
এর আগে বেলা পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে থেকে পিকআপ ভ্যানটি চুরি হয়।
হালিশহর থানা-পুলিশের টহল দলের কয়েকজন সদস্য গাড়িটি সড়কের পাশে রেখে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। উপপরিদর্শক দেলোয়ার হোসেনের নেতৃত্বে টহল দলে দুই কনস্টেবল ছিলেন।
ফিরে এসে টহল দলের সদস্যরা গাড়িটি দেখতে পাননি। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে পুলিশ। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি গাড়িটিতে উঠে সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।
পরে গাড়িটি উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।










