
চট্টগ্রামের আনোয়ারায় খাল খননের জন্য নির্বিচারে গাছ কাটছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এরই মধ্যে বিভিন্ন প্রজাতির ১ হাজারের বেশি গাছ কেটে ফেলা হয়েছে। খাল খনন পুরোপুরি শেষ হতে আরও ২ হাজার গাছ কাটা পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে প্রাকৃতিক বিপর্যয়সহ পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন জনসাধারণ ও পরিবেশবিদেরা।
চট্টগ্রাম ও কক্সবাজারের ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এসব খাল পুনঃখনন করছে বিএডিসি। এ বিষয়ে আনোয়ারা উপজেলা বিএডিসি উপসহকারী প্রকৌশলী আজমানুর রহমান বলেন, ‘২০ লাখ টাকা বরাদ্দে বরৈয়া খালের দুই কিলোমিটার অংশ পুনঃখনন করা হচ্ছে। খাল খনন কাজের সুবিধার্থে এক্সকাভেটর চলাচলের জন্য দুই পাশের গাছগুলো কাটা হচ্ছে। এতে ক্ষতি হলেও খাল খননের জন্য গাছ কাটার বিকল্প নেই। গাছগুলো স্থানীয়রা নিয়ে যাচ্ছেন।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার বটতলী ইউনিয়নের বরৈয়া খাল খননে বিএডিসির নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সকাভেটর মেশিন দিয়ে খালের দুই পাশের ১ হাজারের মতো গাছ উপড়ে ফেলেছে। বিভিন্ন স্থানে গাছের মালিকেরা কাটা গাছ নিজ খরচে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন। অনেকে করাত মিলে বিক্রি করে দিচ্ছেন।
উপজেলা বিএডিসি সূত্র বলেছে, আনোয়ারার বুক চিরে প্রবাহিত চারটি খালের নাব্যতা ফেরাতে খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে বিএডিসি। ২০২৪-২৫ অর্থবছরে দেড় কোটি টাকা ব্যয়ে উপজেলার শাহ্ মোহছেন আউলিয়া খালের ৬ কিলোমিটার, বরৈয়া খালের ৫ কিলোমিটার, কুদালা খালের ৪ কিলোমিটার ও গোবাদিয়া খালের ৩ কিলোমিটারে খননকাজ শুরু হয়। এসব খাল ৩০ ফুট চওড়া এবং পৌনে ৫ ফুট গভীর করে খনন করা হয়। চলতি বছর বরৈয়া খালের ২ কিলোমিটার অংশ ২০ লাখ টাকা বরাদ্দে খননের কাজ শুরু করে বিএডিসি।
স্থানীয় বাসিন্দা আবদুর রহিম বলেন, ‘গত এক সপ্তাহে খাল খননের জন্য শতাধিক গাছ কাটা হয়েছে। শুধু এক্সকাভেটর চলাচলের সুবিধার্থে গাছগুলো কাটা হচ্ছে। অথচ গাছ রেখেও খাল খনন করা সম্ভব, কিন্তু তারা তা করছে না।’
গাছ কেটে নেওয়ার সময় কথা হয় আবদুল আজিজ নামের একটি করাতকলের মালিকের সঙ্গে। ‘গাছ কিনেছেন কি না’ প্রশ্ন করা হলে তিনি ইতস্তত করে বলেন, ‘এখনো কাউকে টাকা দিইনি, দেখি কী করি! কেউ এলে টাকা দেব আর কি।’
পরিবেশকর্মী রিতু পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমান উষ্ণায়নের ভয়াবহ সময়ে গাছ কাটার ক্ষতির দিকটা সবার আগে বিবেচনা করা উচিত। ২০২৬ সাল চরম উষ্ণতম বছর হতে যাচ্ছে বলে এরই মধ্যে আভাস পাওয়া গেছে। পূর্ণবয়স্ক এত গাছ কেটে খাল খনন অর্থহীন। যেকোনো প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশ-প্রতিবেশের ক্ষতির ব্যাপারটা পর্যালোচনা করা জরুরি।’
এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (উপবন সংরক্ষক) মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘ব্যক্তি মালিকানাধীন জমি বা সরকারি খাস খতিয়ানভুক্ত জমির গাছ কাটার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। ঘটনাস্থলে বন বিভাগের টিম পাঠানো হবে।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে বিএডিসির দায়িত্বরত প্রকৌশলী ও বন বিভাগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ঘরের আঙিনাজুড়ে কালচে পানি। পানির ওপর ভাসছে ময়লা-আবর্জনা। বাতাসে তীব্র দুর্গন্ধ। সন্ধ্যা নামলেই বাড়ে মশার উপদ্রব। এমন পরিবেশে বছরের পর বছর বসবাস করছে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার শেরনগর মধ্যপাড়ার প্রায় পাঁচ হাজার মানুষ।
১ ঘণ্টা আগে
পারভেজ আহমেদ সুমন ও সুলতানা আক্তার দম্পতির সংসার ১৬ বছরের। তিন মেয়ের পর সাত মাস আগে তাঁদের একমাত্র ছেলেসন্তানের জন্ম হয়। আদরের সেই ছেলের নাম রাখা হয় সাজিদ আল নাহিয়ান। যে ছেলের জন্মে আনন্দে আত্মহারা ছিল পুরো পরিবার, সেই পরিবারে এখন মাতম।
২ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় টানা বৃষ্টিতে দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ধস দেখা দিয়েছে। বুড়িরহাট থেকে লালমনিরহাটের কাকিনা বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের ১৫-২০টি স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এ বছর চারটি পশুর হাটের একটিরও ইজারা হয়নি। পাঁচবার দরপত্র (টেন্ডার) আহ্বান করেও কোনো দরপ্রস্তাব জমা পড়েনি। অথচ কোরবানির পশু বিক্রির জন্য প্রসিদ্ধ হাট চারটি গত বছর পাঁচ কোটির বেশি টাকায় ইজারা দিয়েছিল উপজেলা প্রশাসন।
২ ঘণ্টা আগে