Ajker Patrika

চুয়েটের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শিক্ষক সমিতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চুয়েটের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শিক্ষক সমিতি
ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থার অবসান হয়নি। প্রায় আড়াই মাস ধরে চলা প্রশাসনিক ও একাডেমিক সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। এ দাবিতে পূর্বঘোষিত মৌন মিছিলের কর্মসূচি পুনর্নির্ধারণ করে আগামী ২ ডিসেম্বর (বুধবার) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। অন্যদিকে, স্থায়ী সমাধানের দাবিতে শিক্ষার্থীরাও ক্যাম্পাসে পুনরায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। চুয়েটের বাইরে থেকে উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক সমিতিও তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি শুরু করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

গত ১২ অক্টোবর নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা তাঁর কার্যালয় অবরুদ্ধ করে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তিনি সেখান থেকে বের হন।

দীর্ঘ ৩৬ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর সেশনজট এড়াতে গত ২৮ অক্টোবর থেকে আংশিকভাবে ক্লাস চালু হয়। তবে প্রশাসনিক ভবনের তালা না খোলায় গবেষণা ভাতা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন এবং উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড়সহ বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম ব্যাহত হতে থাকে।

দীর্ঘদিনেও সংকটের সমাধান না হওয়ায় ২৫ নভেম্বর শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় চুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই নতুন উপাচার্য নিয়োগের দাবিতে ঐকমত্য হয়। তবে স্থায়ী সমাধান না আসায় ২৬ নভেম্বর গভীর রাতে শিক্ষার্থীরা আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন। পরদিন ২৭ নভেম্বর বিকেলে চুয়েটের প্রধান ফটকের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

শিক্ষক সমিতির নতুন সিদ্ধান্ত ও কর্মসূচি

পরিস্থিতি পর্যালোচনায় গতকাল শনিবার ২৮ নভেম্বর রাতে চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৯ নভেম্বর, প্রশাসনিক ভবন-২-এর সামনে নির্ধারিত মৌন মিছিল স্থগিত করে আগামী ২ ডিসেম্বর (বুধবার) সকাল ১১টায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাসান জানান, চুয়েটের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত একজন যোগ্য ও উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে নিয়োগের বিকল্প নেই। তাঁদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষক সমিতি নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত