Ajker Patrika

শাহ আমানত বিমানবন্দরে ক্যাবল্ চুরির চেষ্টা, আটক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২১: ২৪
শাহ আমানত বিমানবন্দরে ক্যাবল্ চুরির চেষ্টা, আটক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদ্যুতিক ক্যাবল্ চুরির চেষ্টার অভিযোগে মো. সোহেলকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদ্যুতিক ক্যাবল্ চুরির চেষ্টার অভিযোগে মো. সোহেল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন ১৫ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। কর্তব্যরত আনসার সদস্যদের কাছে সোহেলের আচরণ সন্দেহজনক মনে হলে তাঁরা তল্লাশি চালান। এ সময় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল্ উদ্ধার করা হয়।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন জানান, আনসার সদস্যরা বিষয়টি নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়া উদ্দিনকে জানালে তিনি ঘটনাস্থলে যান। পরে বিমানবন্দরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে সোহেল এলাকায় বেশ কিছুদিন ধরে চুরির সঙ্গে জড়িত বলে জানা যায়। এর আগেও চুরির ঘটনায় তিনি কারাভোগ করেছেন বলে জানানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।

বিমানবন্দরের পরিচালক নুর হোসেন বলেন, সোহেলকে এর আগেও একবার আটক করা হয়েছিল। এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত দেড় মাসে শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে অন্তত নয়টি চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার মূল্যবান ক্যাবল চুরি হয়। এ ছাড়া রানওয়ের ভূগর্ভস্থ ক্যাবল, লাইট, লাইটের ফেজ ও লুপিং এবং রানওয়ের বাইরের ওভারহেড ক্যাবল্ও চুরির ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত