চট্টগ্রামে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে মিরসরাই সদর ইউনিয়ন শাখায় এ ঘটনা ঘটে। পরে ব্যাংকের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে, শনিবার সন্ধ্যায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর ফেসবুক আইডিতে অগ্নিসংযোগের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়।
গ্রামীণ ব্যাংকের মিরসরাই সদর ইউনিয়ন শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার অফিস শেষে আমি ও কয়েকজন কর্মী বাড়ি চলে যাই। আজ শনিবার সকালে অফিসে এসে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে জানতে পারি।
ব্যবস্থাপক আরও বলেন, ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ বাইরে পাহারায় ছিলেন। এর মধ্যেই শনিবার ভোরে গাছগাছালির আড়াল থেকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের সামনের সাইনবোর্ড, ফটকের ভেতর এবং দোতলার দিকে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের দেয়াল ও ফটকে আগুন ধরে যায়।
পরে নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ বিষয়টি জানিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ফোন করেন। তখন কার্যালয়ের দোতলায় থাকা প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যরা ছুটে আসেন। তাঁরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে আমি পুলিশের একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তবে সেখানে গিয়ে আগুন দেখা যায়নি। এআই প্রযুক্তি ব্যবহার করে আগুনের দৃশ্য তৈরি করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।









