
চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, মুখোশসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার নয়াটিলা মাজারের প্রায় ১০০ গজ পূর্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাজনগর এলাকার বেলায়েত হোসেন (৩০), ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের রহমতপুর এলাকার আনোয়ার হোসেন (২৩) এবং মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার আলাউদ্দিন ওরফে মামুন (৩৬)। মামুনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে এবং চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায়ও তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসংক্রান্ত একটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি মিরসরাইয়ের নয়টিলা থেকে কয়লা বাজার পর্যন্ত বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে ডাকাতদের উৎপাত বেড়ে যায়। যানবাহনের চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত ওই এলাকায় ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল নয়টিলা মাজারের পূর্ব পাশে মহাসড়কের উত্তর পাশের জঙ্গলে অভিযান চালায়। এ সময় সেখানে ১৪-১৫ জনের একটি দলকে দেশীয় অস্ত্র ও মুখোশসহ অবস্থান করতে দেখে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন পালিয়ে গেলেও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডাকাতদের কাছ থেকে চারটি লম্বা ছোরা, একটি রামদা ও সাতটি কালো মুখোশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যানবাহনের চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে অস্ত্র, মুখোশসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আজ শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রামের খুলশীতে সবজি বিক্রেতা কিশোর হৃদয় হত্যাকাণ্ডে সেভেন স্টার নামে একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্যাংটি পরিচালনার অভিযোগ রয়েছে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা ও তাঁর ভাই রকিবুল ইসলাম পিচ্চির বিরুদ্ধে।
১৪ মিনিট আগে
বসতঘরে বৈদ্যুতিক সংযোগের তার ছিঁড়ে পড়েছিল। এতে পাশাপাশি তিনটি টিনের ঘর বিদ্যুতায়িত হয়। দুপুরে আনোয়ার হোসেন ঘর পরিষ্কার করতে থাকেন। একপর্যায়ে টিনের বেড়ায় স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হন। স্বজনেরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১৬ মিনিট আগে
খাগড়াছড়িতে মাটিরাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও সিগারেট উদ্ধার করেছে ৩২ বিজিবি। আজ শুক্রবার সকালে জানমারাটিলা ডাউনে পরিত্যক্ত পাঁচটি বস্তা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হন। তাঁর পরনে লুঙ্গি ও সাদা পাঞ্জাবি ছিল। ট্রেনে কাটা পড়ে তাঁর মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
২৮ মিনিট আগে