Ajker Patrika

আজ সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন ক্রুড অয়েল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আজ সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন ক্রুড অয়েল

সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল জ্বালানি নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামে একটি জাহাজ আজ বুধবার (৬ মে) চট্টগ্রামে আসছে। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাহাজটির চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছার কথা। বিষয়টি নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাননাত।

এই জ্বালানি চট্টগ্রামে পৌঁছালে দেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র অপরিশোধিত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি উৎপাদনে যাবে। জ্বালানির অভাবে গত ১২ এপ্রিল থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ হয়ে আছে। ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাননাত আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ১১ বা ১২ মে আরেকটি জাহাজ এক লাখ টন ক্রুড নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে চট্টগ্রামের পথে যাত্রা করবে। আগামী ২২ বা ২৩ মের মধ্যে জাহাজটি চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে। এসব জ্বালানি চট্টগ্রামে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারি পুনরায় উৎপাদনে যেতে পারবে।’

সংশ্লিষ্টরা বলছেন, ইস্টার্ন রিফাইনারি উৎপাদনে গেলে দেশে পেট্রল, অকটেন, ডিজেলসহ অন্যান্য জ্বালানির সংকট নিরসনে ভূমিকা রাখবে।

ইআরএল সূত্র জানায়, দুই লাখ টন ক্রুড অয়েল দিয়ে ইস্টার্ন রিফাইনারি অন্তত দুই মাস পুরোদমে উৎপাদন চালাতে পারবে। এর মধ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালির কারণে আটকে পড়া এক লাখ টন ক্রুডবাহী এমটি নরডিক্স পল্যাক্স জাহাজটিকেও দেশে আনার চেষ্টা চলছে।

সূত্র জানায়, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ইতিমধ্যে বঙ্গোপসাগরে পৌঁছেছে ‘এমটি নিনেমিয়া’। জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ক্রুড অয়েল পরিবহনের জাহাজ ম্যানেজসহ সবকিছু করে থাকে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। ক্রুড অয়েল আমদানির এই জাহাজটিও ভাড়া করেছে বিএসসি।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, বুধবার জাহাজটি এক লাখ টন ক্রুড নিয়ে পৌঁছাবে। আগামী ১১ বা ১২ মে আরেকটি জাহাজ এক লাখ টন ক্রুড নিয়ে চট্টগ্রামের পথে যাত্রা করবে। দুই লাখ টন ক্রুড মে মাসেই দেশে পৌঁছাচ্ছে। অন্যদিকে আরও এক লাখ টন ক্রুড আনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, হরমুজের কারণে আটকা পড়া এক লাখ টন ক্রুডবাহী এমটি নরডিক্স পল্যাক্স জাহাজটিকেও নিয়ে আসার চেষ্টা চলছে। সবকিছু মিলে আগামী অন্তত তিন মাস ইস্টার্ন রিফাইনারিতে ক্রুডের কোনো সংকট হবে না বলে বিপিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত