কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা-কর্মীদের ‘ধরিয়ে দিলে’ পুরস্কারের ঘোষণা এমপির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারলে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। আজ রোববার তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, ‘তাঁরা (আওয়ামী লীগ) পয়সা দিয়ে বিভিন্ন লোকজনকে লাগিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন। এদের বিরুদ্ধে আমার নেতা-কর্মীরা যদি দৃষ্টান্তমূলক কোনো কাজ করতে পারেন, তাহলে তাঁদের আমরা পুরস্কৃত করব, ইনশা আল্লাহ।’
ভিডিওটি রোববার বিকেলে আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লোকমান উদ্দিন ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করতে পারলে নেতা-কর্মীদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য।’
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার কর্ণফুলী উপজেলা পরিষদের হলরুমে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
অনুষ্ঠানে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম আরও বলেন, ‘বিগত ১৭ বছরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশকে উন্নয়নের ধারায় ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। একসময় ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে অনেকে ব্যঙ্গ করলেও বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’
চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদওয়ানুল ইসলাম।









