বড় বোনের পর এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়ানোর পর গ্রেপ্তার ১

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিডিও ধারণ ও তা কয়েকজনের কাছে পাঠানোর অভিযোগও রয়েছে। মামলার প্রধান আসামি শিপনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য দুই আসামি পলাতক; তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যায় কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোমেল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় শিপনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আদালতে হাজির করার পর শিপন ১৬৪ ধারায় ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ২২ ধারায় কিশোরীর জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। পরে তাঁর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২০ অক্টোবর সকালে কিশোরীর পূর্বপরিচিত শিপন মুঠোফোনে তাঁকে নিজ বাড়িতে ডাকেন। শিপনের কথামতো কিশোরী তাঁর বাড়িতে গেলে শিপন ও তাঁর বন্ধু সাইফুল ইসলাম (২৩) এবং মোছলে উদ্দিন (২৪) মিলে তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করেন বলে অভিযোগ।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় অভিযুক্তরা মুঠোফোনে ভিডিও ধারণ করেন। সম্প্রতি ওই ভিডিও প্রথমে অভিযুক্তরা নিজেদের মধ্যে আদান-প্রদান করেন। পরে এলাকার পরিচিত আরও কয়েকজনের মুঠোফোনে পাঠানো হলে বিষয়টি জানাজানি হয়।
কিশোরীর বাবা ও মামলার বাদী অভিযোগ করেন, গত কয়েক দিন মেয়েকে চুপচাপ দেখে জিজ্ঞাসাবাদ করলে তিনি ধর্ষণের বিষয়টি পরিবারকে জানান। এলাকার লোকজনের কাছ থেকে ভিডিও ছড়িয়ে পড়ার কথাও তাঁরা জানতে পারেন।
বাদীর অভিযোগ, ধর্ষণ ও ভিডিও ধারণের কথা কাউকে জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্তরা। ভয়েই কিশোরী বিষয়টি কাউকে জানাননি। স্থানীয়দের সহযোগিতা চাইলে তাঁরা মামলা করার পরামর্শ দেন।
গত ২৩ নভেম্বর কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে কবিরহাট থানায় মামলা করেন।
কিশোরীর বাবা আরও অভিযোগ করেন, ২০১২ সালে তাঁর আরেক মেয়েকে রাজীব হোসেন নামের এক যুবক ধর্ষণ করেন। বাক্প্রতিবন্ধী হওয়ায় ওই মেয়ে তখন ঘটনাটি কাউকে জানাতে পারেননি। পরে তিনি অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয় এবং আদালতে মামলা করা হয়।
বাদীর ভাষ্য, মামলা হওয়ার পর অভিযুক্ত রাজীব হোসেন বিদেশে পালিয়ে যান। ধর্ষণের শিকার মেয়েটির এখন ১৩ বছর বয়সী একটি সন্তান রয়েছে। গত বছরের ডিসেম্বরে মামলার রায়ে ওই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হলেও তিনি এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।
আগের ঘটনার সুষ্ঠু বিচার ও আসামিকে গ্রেপ্তার করা হলে বর্তমান ঘটনা ঘটত না বলে আক্ষেপ করেন কিশোরীর বাবা। তিনি গ্রেপ্তার শিপনের সর্বোচ্চ শাস্তি এবং পলাতক দুই আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।









