
ওমানে একই গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মারা যাওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার ভাইয়ের মরদেহ আগামীকাল বুধবার (২০ মে) সকালে দেশে পৌঁছাবে। চার ভাইকে একসঙ্গে দাফনের প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবার ও স্থানীয় লোকজন । এই ঘটনায় রাঙ্গুনিয়াজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত ব্যক্তিরা হলেন রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তাঁদের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার লালানগর বন্দরবাজার পাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৯ মে) বেলা ২টায় ওমান থেকে লাশবাহী বিমান ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সড়কপথে মরদেহগুলো রাঙ্গুনিয়ায় নেওয়া হবে। আগামীকাল সকাল ৭টার দিকে মরদেহ এলাকায় পৌঁছানোর কথা রয়েছে।
নিহত ব্যক্তিদের ছোট ভাই মো. এনাম বলেন, ‘বুধবার বেলা ১১টায় লালানগর হোসনাবাদ উচ্চবিদ্যালয় মাঠে চার ভাইয়ের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হবে। পরে লালানগর বন্দরবাজার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ-সংলগ্ন কবরস্থানে পাশাপাশি চারটি কবরে তাঁদের দাফন করা হবে।'
চার ভাইয়ের কবর খোঁড়ার কাজ করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গাউছিয়া কমিটির সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত ব্যক্তিদের মা খাদিজা বেগম বয়স ও অসুস্থতায় ভেঙে পড়েছেন। বিধবা এই নারী অনেক কষ্ট করে পাঁচ ছেলেকে বড় করেছেন। চার ভাই বিদেশে যাওয়ার পর পরিবারটিতে সুদিন ফিরেছিল। স্বস্তি মিলেছিল বৃদ্ধা মায়ের। তাই চার ছেলের মৃত্যুর বিষয়টি তাঁকে পুরোপুরি জানানো হয়নি। তবে বাড়িতে স্বজন ও প্রতিবেশীর ভিড় এবং কান্নাকাটি দেখে তিনি আঁচ করতে পেরেছেন যে খারাপ কিছু হয়েছে।
১৫ মে ছোট দুই ভাইয়ের দেশের আসার কথা ছিল। কিন্তু ১৩ মে ওমানে ঘটা নজিরবিহীন দুর্ঘটনায় একসঙ্গে চার ভাই লাশ হয়ে গেলেন। দেশে আসা হলো না দুই ভাইয়ের। তবে চার ভাই দেশে আসছেন নিথর দেহে কফিনবন্দী হয়ে। আনন্দের পরিবর্তে সীমাহীন বেদনার এক গল্প হয়ে মায়ের কাছে ফিরছেন তাঁরা।
পারিবারিক সূত্র জানায়, ১৩ মে স্বজনদের জন্য কেনাকাটা করতে ওমানের বারকা এলাকা থেকে মুলাদ্দাহর উদ্দেশে রওনা হন চার ভাই। পথে বড় ভাই রাশেদুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান অন্য তিন ভাই। ক্লিনিকে সিরিয়াল পেতে দেরি হওয়ায় তাঁরা গাড়ির ভেতরে এসি চালিয়ে অপেক্ষা করছিলেন।
পরে স্থানীয় লোকজন ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁদের মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস নিশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় তাঁদের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী জানান, দূতাবাস ও ওমান সরকারের সহযোগিতায় চারজনের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
৪১ মিনিট আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
১ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে