
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চার গ্রামে বিএনআর নামের একটি হাইব্রিড মোটা ধান আবাদ করে বিপাকে পড়েছেন অর্ধশত কৃষক। বাম্পার ফলনের আশায় আবাদ করা প্রায় ৭০ একর জমির অধিকাংশ খেতে ধানগাছে শিষ আসেনি; কোথাও শিষ এলেও বেশির ভাগই চিটা। এতে কৃষকদের কয়েক মাসের শ্রম ও লাখ লাখ টাকার বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো গোবিন্দপুর, নন্দীখোলা, কাচিয়ারা ও বকচর। কৃষকেরা স্থানীয় এক ডিলারের কাছ থেকে প্রতি কেজি বীজ সাড়ে ৫০০ টাকা দরে কিনে বীজতলা তৈরি করেন। পরে নিয়ম মেনে জমিতে চারা রোপণ, সেচ, সার, কীটনাশক প্রয়োগসহ সব ধরনের পরিচর্যা করেন।
কৃষকদের ভাষ্য, বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাঁদের একরপ্রতি ১০০ মণ পর্যন্ত ধান উৎপাদনের আশা দেখিয়েছিলেন। সেই বিশ্বাসে কেউ ঋণ নিয়েছেন, কেউ সঞ্চয়ের টাকা খরচ করেছেন। কিন্তু চার মাস পর মাঠে গিয়ে তাঁরা দেখছেন, অধিকাংশ ধানগাছে শিষ নেই; কোথাও শিষ থাকলেও তাতে ধান হয়নি।
নন্দীখোলা গ্রামের কৃষক আয়েশা বেগম আড়াই একর জমিতে এই ধান আবাদ করেছিলেন। নিজের জমির পাশে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘কোম্পানির লোকজন কইছিল, একরে ১০০ মণ ধান হইব। সেই কথা বিশ্বাস কইরা আড়াই একর জমিতে চাষ করছি। যা যা লাগে সব দিছি। চার মাস পার হইয়া গেছে, কিন্তু ধান নাই। এখন আমি কী নিয়া বাঁচমু?’
একই অভিযোগ করেন কৃষক মাসুদ আলম, গোলাম মোস্তফা, জামাল হাজি, মিজানুর রহমান, আবুল কালামসহ অন্যরা। তাঁদের ভাষ্য, প্রতি একর জমিতে প্রায় ৬৫ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। কিন্তু ফলনের কোনো আশা নেই। অনেকেরই জমির খরচ উঠবে না; বরং ঋণের বোঝা আরও বাড়বে।
সরেজমিনে কয়েকটি ক্ষতিগ্রস্ত মাঠ ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ জমিতে ধানগাছ দাঁড়িয়ে থাকলেও শিষ প্রায় নেই। কোথাও শিষ থাকলেও অধিকাংশই ফাঁপা। অনেক কৃষক খড় কাটার আগ্রহও হারিয়ে ফেলেছেন। তাঁদের ধারণা, খড় কাটতে যে খরচ হবে, তা বিক্রি করে ওঠানো সম্ভব হবে না।
গোবিন্দপুর গ্রামের এক কৃষক বলেন, ‘ধান তো পাই নাই, এখন খড় কাটলেও লোকসান। কাটার মজুরি দেওয়ার সামর্থ্যও নাই।’
কৃষকদের অভিযোগ, বীজ বিক্রির সময় তাঁদের কাছে উচ্চ ফলনের নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ফলন বিপর্যয়ের পর এখন তাঁরা দিশেহারা। কৃষির ওপর নির্ভরশীল অনেক পরিবারের সারা বছরের জীবিকায় এ ক্ষতির প্রভাব পড়বে বলেও আশঙ্কা করছেন তাঁরা।
এ বিষয়ে বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের মার্কেটিং কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত জমিগুলো পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে কোম্পানি অবগত আছে। মতলবে যেসব জমিতে সমস্যা হয়েছে, সেগুলোর অনেকগুলোতে আলু উত্তোলনের পর ধানের চারা রোপণ করা হয়েছিল। কেন এমন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। কৃষকদের সঙ্গে আমরা কাজ করি। তাই তাঁদের সহযোগিতার বিষয়ে কোম্পানি অবশ্যই বিবেচনা করবে।’
মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত। কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। কোম্পানির কর্মকর্তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। সমস্যার কারণ নির্ণয়ে নমুনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তবে কতটুকু ক্ষতিপূরণ দেওয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’
ফলনহীন মাঠের দিকে তাকিয়ে হতাশ কৃষকেরা দ্রুত তদন্ত, ক্ষতির কারণ নির্ণয় এবং যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, অন্যথায় এ ক্ষতি সামাল দেওয়া তাঁদের পক্ষে সম্ভব হবে না।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৪ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৬ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৬ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৬ ঘণ্টা আগে