
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আগামীকাল বুধবার (২৭ মে) ঈদুল আজহা উদ্যাপিত হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করবেন গ্রামবাসীরা। আজ মঙ্গলবার (২৬ মে) বিকেলে সাদ্রা দরবার শরিফের পীরজাদা ড. মাওলানা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
সাদ্রা দরবার শরিফের ঈদ জামাত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরবার শরিফে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, আগামীকাল সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই নামাজে ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এই নামাজে ইমামতি করবেন দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী।
পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদ্যাপন হবে। এর মধ্যে উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান। এ ছাড়া মুন্সীরহাট বাজারের পূর্ব পাশে টোরা ঈদগাহ ও হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মো. বরকত উল্যাহ।
এদিকে মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম। এই উপজেলায় ছয়টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সাদ্রা দরবার শরিফের ঈদ জামাত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বলেন, প্রতিবছরের মতো এবারও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। মুসল্লিদের উপস্থিতিতে ঈদের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাদ্রা দরবার শরিফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, প্রতিবছরের ন্যায় এবারও সাদ্রা দরবার শরিফ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাতের আয়োজন করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে কোরবানির পশু ক্রয়সহ সব আনুষঙ্গিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপনের প্রথা চালু করেন। তাঁর অনুসারী মুসল্লিরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করেন।

রাজধানীর উত্তরায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বসা দিয়াবাড়ি পশুর হাটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক দখল করে অবৈধভাবে পশু বেঁধে রাখার ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পশু সরিয়ে দেওয়া হয়েছে। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
২ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাউয়াছড়ার বাঁধ ভেঙে ভানুবিল ও ছনগাঁও গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৭০ থেকে ৮০টি বাড়ির আঙিনা পানিতে তলিয়ে যায় এবং সড়ক যোগাযোগ ব্যাহত হয়।
১৬ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে রান্নাঘরের ওপর ভেঙে পড়ায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মেষন্ডা গ্রামে ঘটে। পরিবারের তিন শিশু সন্তান নিয়ে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় রয়েছে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় দুই গ্রামসহ সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা আগামীকাল বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করবেন।
৩৭ মিনিট আগে