মৃৎশিল্পে বৈচিত্র্য আনতে প্রশিক্ষণ পেলেন আগৈলঝাড়ার ৩০ শিল্পী

বরিশালের আগৈলঝাড়ায় মৃৎশিল্পের ঐতিহ্য ধরে রাখা এবং এ শিল্পের পণ্যে নতুনত্ব ও নান্দনিকতা আনতে ৩০ জন মৃৎশিল্পীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ শনিবার উপজেলার সিহিপাশা গ্রামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আগৈলঝাড়ার প্রান্তিক মৃৎশিল্পীরা দীর্ঘদিন ধরে মাটি দিয়ে সরা, হাঁড়ি-পাতিল, কলস, পিঠার সাজ, খেলনা ও প্রতিমাসহ বিভিন্ন উপকরণ তৈরি করে আসছেন। এসব পণ্যে নান্দনিক নকশা ও বৈচিত্র্য আনতে পারলে বাজারে চাহিদা বাড়বে—এমন লক্ষ্য নিয়েই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আজ সকালে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা। এতে অংশ নেওয়া শিল্পীদের ঐতিহ্যবাহী মৃৎপণ্যের পাশাপাশি নতুন নকশা ও বৈচিত্র্যময় উপকরণ তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণার্থী সরস্বতী পাল বলেন, প্রচলিত নকশার বাইরে বিভিন্ন ধরনের নকশায় মাটির পণ্য তৈরির সুযোগ পেয়েছেন তাঁরা। অন্য প্রশিক্ষণার্থী সবিতা পাল বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মৃৎশিল্পের নতুন নতুন নকশা ও বৈচিত্র্য সম্পর্কে জানতে পেরেছেন তাঁরা।
কর্মশালার সমন্বয়ক সুশান্ত ঘোষ বলেন, মৃৎশিল্পীদের বৈচিত্র্যময় শিল্পধারার সঙ্গে পরিচিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এর মাধ্যমে তাঁরা প্রচলিত পণ্যের পাশাপাশি নতুন নকশার পণ্য তৈরিতে আগ্রহী হবেন।
কর্মশালার পরিচালক চন্দ্রশেখর সাহা বলেন, মৃৎশিল্পের প্রচলিত ধারার পাশাপাশি বিভিন্ন নান্দনিক নকশা ও অবয়ব সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এতে পণ্যের সৌন্দর্য ও বাজারের চাহিদা বাড়বে। ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।









