Ajker Patrika

হিজলা নৌ পুলিশ ফাঁড়ি: দাপ্তরিক সাফল্যে দেশসেরা, মাঠের চিত্রে প্রশ্নবিদ্ধ

• মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযানে দেশের সেরা হয়েছে হিজলা নৌ পুলিশ ফাঁড়ি

• অভিযানে ১৪৫ মামলা, ৪২৯ জন আটক, ১৩০ নৌকা জব্দ

• নিষেধাজ্ঞার শেষ দিনে গুলিতে জেলে আক্তার হোসেন নিহত

খান রফিক, বরিশাল
হিজলা নৌ পুলিশ ফাঁড়ি: দাপ্তরিক সাফল্যে দেশসেরা, মাঠের চিত্রে প্রশ্নবিদ্ধ
ছবি: সংগৃহীত

দাপ্তরিক হিসাবে মা ইলিশ রক্ষার ২২ দিনের অভিযানে দেশের সেরা হয়েছে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। ১৪৫ মামলা, ৪২৯ জন আটকসহ নানা অভিযানের সাফল্যের স্বীকৃতিও পেয়েছে তারা। তবে মাঠপর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা। নিষেধাজ্ঞার সময় সংঘাত, হামলা ও গুলিতে এক জেলের প্রাণহানির ঘটনা ঘটেছে। কমেছে ইলিশের ডিম ছাড়ার হারও। এই সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট অন্য দপ্তরের কর্মকর্তারও।

জানা গেছে, এ বছর নিষেধাজ্ঞা ছিল ৮ থেকে ২৯ অক্টোবর। মৎস্য অধিদপ্তরের এ কর্মসূচি সফল করতে সহায়তা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্র জানায়, ১৮ নভেম্বর ঢাকায় নৌ পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ও নৌ পুলিশপ্রধান মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভা হয়। অক্টোবরে মা ইলিশের ২২ দিনের কার্যক্রম মূল্যায়নে সারা দেশের নৌ পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। সভায় জানানো হয়, হিজলায় নৌ পুলিশ অভিযানে সর্বোচ্চ ১৪৫ মামলা দায়ের, ৪২৯ জনকে আটক, ১৩০ নৌকা এবং ৭ লাখ ৬৫ হাজার ৮০০ মিটার জাল জব্দসহ বিভিন্ন কার্যক্রমে সফল অবদান রেখেছে।

অপর দিকে মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, ২২ দিনের অভিযানে হিজলা উপজেলায় ৭৭টি ভ্রাম্যমাণ আদালত, অভিযান ১১৮টি, জব্দ ইলিশ ১.২৩৩ টন, মামলা ১০১টি এবং জেল হয়েছে ৮৯ জনের। একসঙ্গে অভিযান চালালেও ভিন্ন ভিন্ন মামলা নিয়ে প্রশ্ন উঠেছে।

নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের দাপ্তরিক হিসাবে এত সাফল্য দেখানো হলেও হিজলা উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি ফারুক খানের ভাষ্যমতে, এবার নিষেধাজ্ঞা নামেমাত্র হয়েছে। তার ওপর একজন জেলেকে গুলি করে হত্যা করা হয়।

হত্যাকারী কারা, সবাই জানলেও প্রশাসন অজ্ঞাত কারণে কারও নাম শনাক্ত

করেনি। তাই এবার ২২ দিনের নিষেধাজ্ঞা নিয়ে সাফল্য দেখানোর মতো কিছুই নেই।

এদিকে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, ইলিশের ডিম ছাড়ার প্রবণতা কমেছে। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তায়েফা আহমেদ জানিয়েছিলেন, তাঁর টিম ২ নভেম্বর পর্যন্ত মেঘনার বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করে দেখেছেন, এবার মা ইলিশের ডিম ছাড়ার প্রবণতা কোথাও ৩০, কোথাও ৩৫ এবং কোথাও সর্বোচ্চ ৪০ শতাংশ। অথচ গত বছর প্রজননের গড় হার ছিল ৪৮ দশমিক ২৭ ভাগ। নির্বিচারে নিধন, নজরদারির অভাবে এমনটা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিহত জেলের স্ত্রীর মামলা

গত ২৯ অক্টোবর গুলিতে নিহত হন জেলে আক্তার হোসেন হাওলাদার (৪০)। তাঁর বাড়ি উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে। এ ঘটনায় ১৫ নভেম্বর আক্তারের স্ত্রী জাহানারা হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

হিজলা থানার ওসি সোলায়মান হোসেন বলেন, নিহত জেলে আক্তার হোসেনের স্ত্রী জাহানারা হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে। মামলার অগ্রগতি প্রসঙ্গে বলেন, ‘তদন্ত করছে নৌ পুলিশ। তারা এর অগ্রগতি সম্পর্কে জানাতে পারবে।’

হিজলা নৌ পুলিশের এসআই প্রদীপ চন্দ্র সরকার বলেন, ‘মামলাটি তদন্তাধীন আছে। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।’

জেলে আক্তারের একাধিক সঙ্গী বলছেন, আক্তার হত্যায় নৌ পুলিশ জড়িত। অথচ সেই নৌ পুলিশকে মামলার তদন্ত করতে দেওয়ার বিষয়টি তামাশা।

নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের বক্তব্য

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াসিনুল হক বলেন, ‘২৬ ক্যাটাগরিতে যাচাইয়ে হিজলা ফাঁড়ি দেশের সেরা হয়েছে। মৎস্য অধিদপ্তর তাদের আঙ্গিকে, আমরা আমাদের মতো করে কাজ করেছি।’ গত বছরের তুলনায় এ বছর জেলেরা আরও বেপরোয়া ও নদী দখলে রেখেছিল প্রসঙ্গে তাঁর ভাষ্য, তিনি যোগদান করেছেন ৩ মাস আগে। তাই গত বছরের সঙ্গে তুলনা করতে পারছেন না। তাঁরা প্রতিদিনই নদীতে ছিলেন। গত বছর মামলা ছিল ৪৬টি। এ বছর ১৪৫টি। অভিযান বেশি ছিল বিধায় মামলাও বেশি হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘এবার ২২ দিনের নিষেধাজ্ঞায় হিজলা উপজেলার মেঘনা নদীতে সহিংসতা অনেক বেশি ছিল। অভিযানের প্রথম দিন ৯ অক্টোবর অভিযানকারী দলের ওপর জেলেদের হামলায় মৎস্য অধিদপ্তরের স্পিডবোট ক্ষতিগ্রস্ত হয়েছে। কোস্ট গার্ড ১০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো ২২ দিনই মেঘনা নদীতে অভিযানে গেলেই হামলার মুখে পড়তে হয়। শেষ দিন গুলিতে একজন জেলে নিহত হন। তিনি এই হত্যা কামনা করেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত